ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘হত্যার জন্য পুরস্কার ঘোষণার কথা ভাবছে ইরান’

আপডেট : ১৯ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথার ওপর পুরস্কার ঘোষণার বিষয়ে আলোচনা করছে।

যুক্তরাজ্যের দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য ৫ কোটি ইউরো পুরস্কার ঘোষণা সংক্রান্ত একটি বিল নিয়ে আলোচনা চলছে ইরানের পার্লামেন্টে। 

প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে তেহরানে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেয়া হচ্ছে। বিষয়টি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য প্রায় ৫ কোটি ইউরো বা ৫ কোটি ৮২ লাখ ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণার পরিকল্পনা নিয়ে ইরানে আলোচনা চলছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইরান ওয়্যার ও দ্য টেলিগ্রাফ ইউকের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসলামি প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ’ শীর্ষক একটি বিল প্রস্তুত করা হচ্ছে বলে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন।

এই বিলের মাধ্যমে ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যা করতে পারবে— এমন ব্যক্তি বা গোষ্ঠীকে ৫ কোটি ইউরো পুরস্কার দেয়ার বিষয়টি আনুষ্ঠানিক রূপ দেয়ার পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার ঘটনার জেরে ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা সংক্রান্ত বিলে ইরানের পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে।

এদিকে ইরান ওয়্যারের বরাতে বলা হয়েছে, ইব্রাহিম আজিজি দাবি করেছেন, খামেনিকে হত্যায় ভূমিকার অভিযোগে ট্রাম্প, নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের বিরুদ্ধে ‘পাল্টা ব্যবস্থা’ নেয়া উচিত।

জাতীয় নিরাপত্তা কমিশনের আরেক সদস্য মাহমুদ নাবাভিয়ানও জানিয়েছেন, ‘যে ট্রাম্প ও নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে’ তার জন্য পুরস্কার নির্ধারণের বিষয়ে শিগগিরই পার্লামেন্টে ভোট হবে।

এদিকে এই পুরস্কার ঘোষণার পরিকল্পনার খবর এমন সময়ে সামনে এলো, যখন কয়েক দিন আগে সরকারপন্থি গণমাধ্যম মাসাফ দাবি করেছিল, ‘কিল ট্রাম্প’ নামে একটি অভিযানের জন্য ইরানের সরকার ৫ কোটি ডলারের অর্থ জোগাড় করেছে।

এর আগে ইরানের রাষ্ট্র-সমর্থিত সাইবার যুদ্ধ গ্রুপ ‘হানদালা’ও এক বিবৃতিতে জানিয়েছিল যে ‘নিপীড়ন ও দুর্নীতির প্রধান স্থপতি’ হিসেবে ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘নির্মূল’ করতে তারা ৫ কোটি ডলার বরাদ্দ করেছে।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত