রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনে নিহত ৫

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৫:১৫ পিএম

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বোমা হামলায় ৫ জন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়ার জ্বালানি ও রপ্তানি সক্ষমতা লক্ষ্য করে বাল্টিক সাগরের একটি গুরুত্বপূর্ণ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

রোববার (২৯ মার্চ) এবং সোমবারের এই সংঘাতের খবর নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু।

স্থানীয় সময় রোববার ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরে শক্তিশালী ‘গ্লাইড বোমা’ হামলা চালায় রুশ বাহিনী। এতে বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হতাহতের ঘটনা ঘটে। 

কিয়েভের গভর্নর অভিযোগ করেছেন, বেসামরিক এলাকাগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে মস্কো। এছাড়া ওডেসায় একটি মাতৃসদন ও শিক্ষা প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়েছে। কিয়েভ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়া তাদের দিকে ৪৪২টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে ৩৮০টি তারা আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে।

নিজেদের ভূখণ্ডে হামলার জবাবে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ জোরদার করেছে ইউক্রেন। বাল্টিক সাগরের তীরে অবস্থিত রাশিয়ার ‘উস্ত-লুগা’ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। হামলায় বন্দরের জ্বালানি স্থাপনায় বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার জ্বালানি সরবরাহ ও রফতানি ক্ষমতা পঙ্গু করে দিতেই এই কৌশলগত হামলা চালানো হয়েছে।

এদিকে রাশিয়া দাবি করেছে, তাদের সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। দুই দেশের মধ্যেই এখন পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র যুদ্ধের এক ভয়াবহ প্রতিযোগিতা চলছে।

সামরিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ এখন সরাসরি রণাঙ্গন থেকে সরে গিয়ে একে অপরের অবকাঠামো এবং অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে। শীতের শেষে এই সংঘাত আরও বড় রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আনাদোলু

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত