‘নাভালনিকে মুক্তি দেয়ার কথা বলেছিল পুতিন প্রশাসন’

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৫ এএম

আলেক্সি নাভালনির সহযোগী মারিয়া পেভচিখর দাবি, পুতিন প্রসাসনের সঙ্গে বন্দিবিনিময়ের অংশ হিসেবে তাকে মুক্ত করার কথা চলছিল। যা প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল। এমন সময় হঠাৎ তাকে মৃত ঘোষণা করা হয়।

দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের (এফবিকে) চেয়ারম্যান পেভচিখ বলেছেন, জার্মানিতে খুনের দায়ে যাবজ্জীবন সাজা ভোগ করছেন রুশ হিটম্যান ভাদিম ক্রাসিকভ। তার সঙ্গে নাভালনির বিনিময় হওয়ার কথা ছিল। আবার বর্তমানে রাশিয়ায় বন্দি দুই মার্কিন নাগরিকও এই চুক্তির অংশ ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি আলোচনা তাদের চূড়ান্ত পর্যায়ে ছিল। ঠিক এর পরের দিনই সাইবেরিয়ার কারাগারে নাভালনি তার কক্ষে মারা যান।  

নাভালনির ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে পেভচিখ বলেন, নাভালনির মুক্তির জন্য বন্দি বিনিময়ের লক্ষ্যে দুই বছর ধরে আলোচনা চলছিল। 

পেভচিখ আরও বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পরে এটা স্পষ্ট হয়েছে যে, পুতিন কিছুতেই থামবেন না। নাভালনিকে যেকোনো মূল্যে এবং জরুরি ভিত্তিতে জেল থেকে মুক্ত করা তখন অপরিহার্য ছিল। 

তিনি জানান, নাভালনি মানবিক বিনিময়ের অধীনে মুক্তি পেতে যাচ্ছিলেন। আমেরিকান এবং জার্মান কর্মকর্তারা এই আলোচনায় জড়িত ছিলেন। প্রক্রিয়াটি শেষ পর্যন্ত ডিসেম্বরে বন্দি বিনিময়ের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনায় পরিণত হয়েছিল। 

পেভচিখের মতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেষ মুহূর্তে চুক্তির বিষয়ে তার মন পরিবর্তন করেছেন। নাভালনিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাতিল করেছেন। সম্ভবত দর-কষাকষিতে তিনি স্বস্তি পাচ্ছিলেন না। 

ক্রেমলিন এখনো পেভচিখের দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। তবে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, নাভালনির মৃত্যুর সঙ্গে সরকারের জড়িত থাকার অভিযোগ ‘অযৌক্তিক’। 

সূত্র: বিবিসি

AH/FI
আরও পড়ুন