প্রশ্নপত্র ফাঁসের আন্দোলনে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভ

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম

ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলন নতুন মোড় নিয়েছে। দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর শুক্রবার, ২৪ জুলাই  দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। দলটির দাবি, আন্দোলন দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের প্রতিবাদেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দলটি তাদের সমর্থক, ছাত্রসংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিজ নিজ শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ আয়োজনের আহ্বান জানিয়েছে।

দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের পর কয়েকটি রাজ্যেও আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার অভিযোগ ওঠে। সিজেপির দাবি, এসব ঘটনার পর রাজধানীর গণ্ডি পেরিয়ে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত আরও জোরালো হয়েছে।

অন্যদিকে, দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, কর্মসূচি চলাকালে কিছু বিক্ষোভকারী সহিংস আচরণ করেন, পুলিশ সদস্যদের ওপর হামলা চালান এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করেন। এ কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়।

দেশব্যাপী কর্মসূচিকে সংগঠিত করতে স্থানীয় আয়োজকদের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং স্মারকলিপির খসড়া বিতরণ করেছে সিজেপি। নির্দেশনায় নির্ধারিত স্থানে সমাবেশ, শিক্ষার্থীদের দাবিগুলো জনসমক্ষে তুলে ধরা, সাম্প্রতিক বিক্ষোভে আহতদের প্রতি সংহতি প্রকাশ এবং জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ২০ জুন ২০২৬ রাজধানী দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জবাবদিহির দাবিতে আন্দোলন শুরু হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক আমরণ অনশনে বসলে আন্দোলন আরও গতি পায়।

Attr
আরও পড়ুন
সর্বশেষপঠিত