কারাক থেকে কোহাটের পথে পিটিআইয়ের লং মার্চ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের লং মার্চের দ্বিতীয় দিনে কারাক থেকে কোহাটের উদ্দেশে যাত্রা শুরু করেছে দলটির নেতাকর্মীরা। লাক্কি মারওয়াত থেকে শুরু হওয়া এই কর্মসূচি কারাকে রাতযাপনের পর সোমবার (৫ অক্টোবর) কোহাটের পথে এগিয়েছে।

কোহাটে যাত্রাবিরতি ও দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর লং মার্চটি পেশোয়ারের দিকে রওনা হবে। এরপর চারসাদা ও সোয়াবিতে পৌঁছানোর পর পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।

লং মার্চের নেতৃত্ব দিচ্ছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে পিটিআই এখনো আগ্রহী। তবে প্রদেশের আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খাইবার পাখতুনখাওয়া সরকারাকে আস্থায় নিতে হবে বলে তিনি জানিয়েছেন।

এদিকে সরকারের সঙ্গে আগের আলোচনা কেন ব্যর্থ হয়েছে, তা পর্যালোচনা করতে ইসলামাবাদে পিটিআইয়ের রাজনৈতিক ও কোর কমিটির যৌথ বৈঠক হয়েছে। দলটির মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ, তার চিকিৎসা এবং কয়েকটি প্রাদেশিক বিষয় নিয়ে সরকারের সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছিল।

লং মার্চ স্থগিত করার শর্তে সরকার ইমরান খানের সঙ্গে দুজনকে সাক্ষাতের অনুমতি দেওয়ার প্রস্তাব দিয়েছিল বলে জানিয়েছে পিটিআই। তবে দলটি ওই শর্ত মেনে নেয়নি। শেষ পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত দলীয় কমিটির ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

লং মার্চকে কেন্দ্র করে রাওয়ালপিন্ডিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের প্রবেশপথগুলোতে কনটেইনার বসানোর পাশাপাশি আদিয়ালা কারাগারের আশপাশের সড়কগুলোতেও বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বর্তমানে শহরের সব সড়ক খোলা রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এএস
আরও পড়ুন