চীনে বিশাল স্বর্ণখনির সন্ধান

প্রতি টন পাথর থেকে গড়ে ১৩৮ গ্রাম বিশুদ্ধ স্বর্ণ মিলছে।

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১০:০২ এএম

চীনে স্বর্ণের নতুন একটি খনি আবিষ্কার হয়েছে। নতুন খনিতে প্রায় হাজার টনের স্বর্ণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের পিংজিয়াং জেলার ওয়াঙ্গু গ্রামে এই খনির সন্ধান মিলেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছ, চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি বৃহস্পতিবার (২১ নভেম্বর) হুনান প্রদেশের ভূতাত্ত্বিক ব্যুরোর বরাত দিয়ে জানিয়েছে, ওই স্বর্ণখনিতে প্রায় ১ হাজার টনের বেশি স্বর্ণ মজুদ আছে। ৩ হাজার মিটার গভীরতার মধ্যে স্বর্ণগুলো মজুত রয়েছে। যার বর্তমান বাজারমূল্য কমপক্ষে ৮ হাজার ৩০০ কোটি ডলার।

খনির মধ্যে ৪০টিরও বেশি গোল্ড ওর ভেইনস বা স্বর্ণের আকরিক ধমনী সন্ধান পাওয়া গেছে। পাথরের গা চিরে জমাট স্বর্ণের ধারা পরিলক্ষিত হয়েছে, যা অনেকটা ধমনীর মতো। খনিটি থেকে ইতোমধ্যে শুরু হয়েছে স্বর্ণ উত্তোলন। 

খনিটির আবিষ্কারক দলের অন্যতম সদস্য চেন রুলিন সিনহুয়াকে বলেন, ‘খনিটির যে কোনো পাথর ভাঙা মাত্র সেটির ভেতরে আমরা স্বর্ণের ধমনি দেখতে পাচ্ছি। প্রতি টন পাথর থেকে গড়ে ১৩৮ গ্রাম বিশুদ্ধ স্বর্ণ মিলছে। এই পরিমাণ মন্দ নয়।’

আবিষ্কারক দলের উপপ্রধান লিউ ইয়োনজুন জানিয়েছেন, স্বর্ণ আহরণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন তারা।

যেসব দেশ থেকে বৈশ্বিক বাজারে সবচেয়ে বেশি স্বর্ণ আসে, চীন তাদের মধ্যে অন্যতম। বৈশ্বিক সর্ণের বাজার নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে মোট চাহিদার ১০ শতাংশ স্বর্ণ এসেছে চীন থেকে।

AHA
আরও পড়ুন