১৩তম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে ১১ দলীয় জোটের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে জোটের প্রায় ১০ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছায়।
প্রতিনিধি দলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও আরও তিনজন নির্বাচন কমিশনার উপস্থিত আছেন বলে জানা গেছে।
হঠাৎ এই বৈঠকের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি প্রতিনিধি দলটি। তবে এ বিষয়ে জানতে চাইলে মাওলানা আবদুল হালিম সাংবাদিকদের বলেন, ‘বৈঠক শেষ করে ব্রিফিংয়ের মাধ্যমে আমরা সব কিছু বিস্তারিত জানাব।’
ধারণা করা হচ্ছে, নির্বাচনের সার্বিক পরিস্থিতি, বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ কিংবা ভোট পরবর্তী প্রক্রিয়া নিয়ে জোটের পক্ষ থেকে কমিশনকে বিশেষ কোনো বার্তা বা পর্যবেক্ষণ দিতেই এই ঝটিকা বৈঠক।
সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকায় জামায়াতের সন্তোষ প্রকাশ
