ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে স্পিকার ছাড়াই শুরু হওয়া অধিবেশনে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হওয়া নতুন সংসদের প্রথম অধিবেশনে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে এই নির্বাচনগুলো হয়।
বিগত সংসদের স্পিকার পলাতক এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সংসদীয় কার্যপ্রণালীর এক বিশেষ পরিস্থিতিতে সংসদ নেতার প্রস্তাবে প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এরপরই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
স্পিকার পদে বিএনপির পক্ষ থেকে কাকে চূড়ান্ত করা হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ছিল। অধিবেশন শুরুর আগে পর্যন্ত ড. আব্দুল মঈন খান এবং আলতাফ হোসেন চৌধুরীর নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দলের জ্যেষ্ঠ নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের ওপরই আস্থা রাখেন সংসদ সদস্যরা। অন্যদিকে, তরুণ ও মেধাবী আইনজীবী হিসেবে পরিচিত ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পাওয়ায় সংসদীয় কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে বলে মনে করা হচ্ছে।
নির্বাচন প্রক্রিয়া শেষে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর নতুন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বাকি কার্যক্রম শুরু হয়।
প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য: প্রধানমন্ত্রী
