ইরান সীমা লঙ্ঘন করেছে: জিসিসি মহাসচিব

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৯:২৪ পিএম

উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আল বুদাইবি বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করা এবং প্রতিবেশী দেশগুলোর ওপর সরাসরি হামলার মাধ্যমে ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে। তিনি এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।

আল বুদাইবি বৃহস্পতিবার (২৬ মার্চ) সৌদি আরবের রিয়াদে জিসিসির একটি বৈঠকে বলেন, ‘ইরান হরমুজ প্রণালি বন্ধ করেছে এবং সেখান দিয়ে চলাচলের ওপর শুল্ক আরোপ করেছে। এটি জিসিসি দেশগুলোর ওপর সরাসরি আগ্রাসন এবং সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘ চুক্তির স্পষ্ট লঙ্ঘন।’

তিনি আরও বলেন, ‘এই সংকটে বেশ কিছু বাণিজ্যিক জাহাজ অপহরণ ও হামলার শিকার হয়েছে, যা আন্তর্জাতিক নৌ-চলাচলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।’

আল বুদাইবি জিসিসি দেশগুলোর বৈশ্বিক গুরুত্ব তুলে ধরে জানান, এই দেশগুলো বিশ্বের ‘অর্থনৈতিক ফুসফুস’ হিসেবে পরিচিত। তারা প্রতিদিন ১৬ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে, যা বিশ্বের মোট উৎপাদনের ২২ শতাংশ। এছাড়া এই দেশগুলো বিশ্ববাজারে ২৭ শতাংশ তেল রপ্তানি করে, যার পরিমাণ দৈনিক প্রায় ১১ দশমিক ৫ বিলিয়ন ব্যারেল।

তিনি অভিযোগ করেন, ‘ইরান উদ্দেশ্যমূলকভাবে জিসিসি দেশগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে এবং সরাসরি বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে।’ আল বুদাইবি উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। সূত্র: আরব নিউজ

AS/AHA
আরও পড়ুন