ইরানের ইউরেনিয়াম সরানোই যুদ্ধ শেষের শর্ত: নেতানিয়াহু

আপডেট : ১১ মে ২০২৬, ০৭:০৭ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযান এখনই শেষ হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশটি থেকে পুরোপুরি ‘সরিয়ে ফেলা’ হবে।

স্থানীয় সময় রোববার (১০ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বিখ্যাত অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

নেতানিয়াহু বলেন, ‘ইরান যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি। কারণ দেশটির কাছে এখনও পারমাণবিক উপাদান সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই মজুত ইরান থেকে সরাতে হবে এবং তাদের সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ধ্বংস করতে হবে। তবেই আমরা লক্ষ্য অর্জন করেছি বলে ধরে নেব।’ 

ইউরেনিয়াম কীভাবে সরানো সম্ভবএমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, সেখানে ঢুকে সেটি সরিয়ে ফেলতে হবে।

সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরণের মনোভাব পোষণ করেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে তিনি সেখানে (ইরানে) ঢুকতে চান। তবে আমি কোনো সুনির্দিষ্ট সামরিক উপায়ের কথা এখনই বলছি না।’

যদিও ট্রাম্পের প্রকাশ্য অবস্থানে কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। ৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে যুদ্ধ শেষ করার জন্য নিজ দেশে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। রোববার প্রচারিত আগে রেকর্ড করা এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,‘ইরানকে সামরিকভাবে পরাজিত করা হয়েছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’ 

তবে ট্রাম্প এটিও হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রয়োজনে যেকোনো সময় ইরানের ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব এবং কেউ সেখানে যাওয়ার চেষ্টা করলে তাদের ধ্বংস করে দেওয়া হবে।

ইউরেনিয়াম সরানোর প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হবে-এমন প্রশ্নে কিছুটা নমনীয়তা দেখিয়ে নেতানিয়াহু বলেন, তিনি মনে করেন একটি স্থায়ী চুক্তির মাধ্যমেই এটি করা উচিত। অর্থাৎ সরাসরি অভিযানের চেয়ে একটি কঠোর চুক্তিতে ইরানকে বাধ্য করাই এখন তাদের মূল কৌশল। সূত্র: এএফপি’র

FJ
আরও পড়ুন