পাশাপাশি শায়িত হলেন ওমানে নিহত ৪ ভাই

আপডেট : ২০ মে ২০২৬, ০৪:২৯ পিএম

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইকে পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। জানাজায় রাঙ্গুনিয়ার হাজার হাজার মানুষ অংশ নেন।

বুধবার (২০ মে) সকাল ১১টায় রাঙ্গুনিয়া লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে চার ভাইকে পাশাপাশি দাফন করা হয়। জানাজার ইমামতি করেন তাদের একমাত্র জীবিত ভাই।

স্বজনদের আহাজারি আর এলাকাবাসীর শোকে ভারী হয়ে উঠে পরিবেশ। অনেকেই নীরবে চোখের পানি ফেলতে থাকেন। জানাজা শুরুর আগে পাশাপাশি রাখা চারটি কফিন ঘিরে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। 

সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত ছিল—চার ভাইয়ের কফিন সামনে রেখে একমাত্র জীবিত ভাইয়ের ইমামতি করা। এ দৃশ্য উপস্থিত হাজারো মানুষকে আবেগাপ্লুত করে তোলে।

এদিকে সকাল থেকেই জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন। একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর ঘটনায় পুরো রাঙ্গুনিয়াজুড়ে নেমে আসে শোকের ছায়া। পরিবারজুড়ে চলছে মাতম। জানাজায় বিএনপি-জামায়াতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয় বাসিন্দা আবদুস সালাম বলেন, একসঙ্গে চার ভাইয়ের জানাজা আগে কখনও দেখিনি। পুরো এলাকা শোকে ভারী হয়ে গেছে।

আরেক বাসিন্দা হারুনুর রশিদ বলেন, সকাল থেকেই মানুষ আসছে। কেউই চোখের পানি ধরে রাখতে পারছে না। এমন ঘটনা গ্রামের মানুষ সহজে ভুলবে না।

জানাজা শেষে মরদেহগুলো নেওয়া হয় লালানগর গ্রামের বন্দাররাজাপাড়া জামে মসজিদসংলগ্ন কবরস্থানে। সেখানে আগে থেকেই পাশাপাশি খনন করা চারটি কবরে তাদের দাফন সম্পন্ন করা হয়।

এর আগে ভোরে লাশবাহী দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে চার ভাইয়ের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। এরপর থেকেই পুরো এলাকায় নেমে আসে শোক ও নীরবতা।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত