দারুণ সুখবর পেলেন নাহিদ রানা

আপডেট : ১০ জুন ২০২৬, ০৫:১৮ পিএম

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগুনঝরা বোলিংয়ের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। দুর্দান্ত গতি ও বাউন্সে অজি ব্যাটারদের বারবার চাপে ফেলা এই তারকা এবার আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে বড় ধরনের উন্নতি করেছেন।

বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ে নাহিদ ২৩ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন। এর আগে নিউজিল্যান্ড সিরিজের পরও র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে নাহিদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই পেসার। তার শিকারের তালিকায় ছিলেন জস ইংলিশ, অ্যালেক্স ক্যারি, লিয়াম স্কট ও জেভিয়ার বার্টলেট। আরও চমকপ্রদ বিষয় হলো, তার নেওয়া চারটি উইকেটই এসেছে ঘণ্টায় ১৪৬ কিলোমিটারের বেশি গতির ডেলিভারিতে।

বাংলাদেশের অন্য বোলারদের মধ্যেও র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। মোস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠেছেন। তাসকিন আহমেদ ৩২তম স্থান ধরে রেখেছেন। তবে শরিফুল ইসলাম এক ধাপ পিছিয়ে ২৮তম স্থানে নেমে গেছেন। বোলারদের তালিকায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ রয়েছেন অষ্টম স্থানে।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও সুখবর এসেছে বাংলাদেশের জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটির সুবাদে তানজিদ হাসান তামিম সাত ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠে এসেছেন। নাজমুল হোসেন শান্তও দুই ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে। তবে তাওহীদ হৃদয়, লিটন দাস ও সৌম্য সরকার এক ধাপ করে পিছিয়েছেন। সাইফ হাসান নেমেছেন দুই ধাপ, আর মিরাজ হারিয়েছেন তিন ধাপ।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে মিরাজ এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেলেও উন্নতি হয়েছে নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানের। এই তালিকায় নাহিদ ১৭ ধাপ এবং মোস্তাফিজ তিন ধাপ এগিয়েছেন, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা হয়ে এসেছে।

AM
আরও পড়ুন