জাতীয় দলের ক্রিকেটারদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
শনিবার (১৩ জুন) সকালে দেওয়া এক বিবৃতিতে বিসিবি জানায়, চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে নাঈম হাসানকে হয়রানি ও দুর্ব্যবহারের যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে বলা হয়, “একজন জাতীয় ক্রিকেটারের সঙ্গে এমন অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত আচরণ অত্যন্ত দুঃখজনক। বিসিবি বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং মনে করে, ঘটনার দ্রুত ও যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।”
বোর্ড আরও আশা প্রকাশ করেছে যে, ঘটনাটির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকেই নাঈম ও তাঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি। বোর্ড জানিয়েছে, ক্রিকেটার ও তাঁর পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহায়তাও দেওয়া হচ্ছে।
একইসঙ্গে বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রেখেছে বিসিবি। বোর্ড তাদের বিবৃতিতে আবারও জোর দিয়ে বলেছে, দেশের সব ক্রিকেটারের কল্যাণ, মর্যাদা ও অধিকার সুরক্ষায় তারা বদ্ধপরিকর এবং এ ঘটনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে শুক্রবার চট্টগ্রামে ফেরেন নাঈম হাসান। বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফেরার পথে লালখান বাজার ফ্লাইওভারের কাছে তাঁকে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। নাঈমের দাবি, ডিবি পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে মারধর করেন। এমনকি নিজের পরিচয় দেওয়ার পরও তিনি হেনস্তার শিকার হন বলে জানিয়েছেন এই জাতীয় দলের স্পিনার।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এখন সবার নজর তদন্তের অগ্রগতি এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।
বিশ্বকাপের মধ্যেই লিগ খেলতে মিয়ানমার গেলেন ঋতুপর্ণা
ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো, আত্মবিশ্বাসী হাকিমি