২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে আজ (১৫ জুন) দিবাগত রাতে মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও নবাগত কেপ ভার্দে। আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্রুপ ‘এইচ’-এর এই ম্যাচে অভিজ্ঞতা ও সাফল্যের বিপরীতে স্বপ্ন আর সাহস নিয়ে মাঠে নামবে আফ্রিকার ছোট দেশটি।
২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন এবার দ্বিতীয় শিরোপার লক্ষ্যে এগোচ্ছে। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে গড়ে ওঠা দলটি টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়া কেপ ভার্দের লক্ষ্য নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া।
মাত্র ছয় লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ক্ষুদ্র দেশ হিসেবে আসরে অংশ নিচ্ছে। তবে ‘ব্লু শার্কস’ খ্যাত দলটি শুধু অংশগ্রহণেই সন্তুষ্ট নয়; শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে প্রস্তুত তারা।
দুই দলের মধ্যে এর আগে কখনও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ফলে বিশ্বকাপের এই লড়াই দিয়েই শুরু হচ্ছে স্পেন ও কেপ ভার্দের মুখোমুখি ইতিহাস।
সাম্প্রতিক পারফরম্যান্সে স্পেন কিছুটা এগিয়ে। শেষ পাঁচ ম্যাচে তারা দুটি জয় ও তিনটি ড্র করেছে। অন্যদিকে কেপ ভার্দের রেকর্ড একটি জয়, তিনটি ড্র ও একটি হার। তবে প্রস্তুতি পর্বে সার্বিয়ার বিপক্ষে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
স্পেনের সম্ভাব্য ৪-৩-৩ ফর্মেশনে মাঝমাঠের দায়িত্বে থাকবেন ব্যালন ডি’অর জয়ী রদ্রি ও তরুণ তারকা পেদ্রি। আক্রমণভাগে দেখা যেতে পারে ফেরান তোরেস, মিকেল ওয়ারজাবাল ও অ্যালেক্স বায়েনাকে।
অন্যদিকে কেপ ভার্দে ৪-২-৩-১ ছকে রক্ষণভাগকে শক্তিশালী রেখে পাল্টা আক্রমণের কৌশল নিতে পারে। স্পেনের আক্রমণ সামলে সুযোগ পেলেই গোলের চেষ্টা করবে তারা।
সম্ভাব্য একাদশ
স্পেন:
উনাই সিমন, মার্কোস লরেন্তে, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, ফ্যাবিয়ান রুইজ, রদ্রি, পেদ্রি, ফেরান তোরেস, মিকেল ওয়ারজাবাল, অ্যালেক্স বায়েনা।
কেপ ভার্দে:
ভোজিনহা, মোরেইরা, কোস্তা, পিকো, পাওলো, সেমেদো, পিনা, মেন্দেস, মন্তেইরো, কাবরাল, দাইলন।
বিশ্বকাপের মঞ্চে অভিজ্ঞ স্পেনের সামনে কেপ ভার্দের জন্য এটি শুধু একটি ম্যাচ নয়, বরং নিজেদের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ। অন্যদিকে স্পেন চাইবে জয় দিয়ে শুরু করে শিরোপা অভিযানে আত্মবিশ্বাসী পদক্ষেপ রাখতে।
পুরোনো ক্ষত বুকে নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড
যাদের কাছে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা
দিয়ালোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়লো আইভরিকোস্ট
পিছিয়ে পড়েও ডাচদের সাথে ২-২ গোলে ‘ড্র’ জাপানের