ম্যানচেস্টার সিটির সোনালি অধ্যায়ের অন্যতম কারিগর বার্নার্দো সিলভা এবার নতুন ঠিকানায়। দীর্ঘ নয় বছরের সম্পর্কের ইতি টেনে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন পর্তুগিজ এই মিডফিল্ডার। ফ্রি ট্রান্সফারে তাকে দলে ভিড়িয়েছে লস ব্লাঙ্কোসরা। ৩১ বছর বয়সী তারকার সঙ্গে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত দুই বছরের চুক্তি করেছে মাদ্রিদের ক্লাবটি।
বিশ্বকাপ চলাকালেই সম্পন্ন হওয়া এই দলবদল ইউরোপীয় ফুটবলে বড় আলোচনার জন্ম দিয়েছে। কারণ, শুধু একজন অভিজ্ঞ ফুটবলার নয়, আধুনিক ফুটবলের সবচেয়ে বহুমুখী মিডফিল্ডারদের একজনকে নিজেদের দলে টেনেছে রিয়াল।
২০১৭ সালে মোনাকো থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন সিলভা। এরপর ধীরে ধীরে পেপ গার্দিওলার দলের অপরিহার্য সদস্যে পরিণত হন তিনি। মাঝমাঠ, ডান প্রান্ত কিংবা আক্রমণভাগের পেছনে,যেখানেই খেলানো হোক না কেন, নিজের দায়িত্ব নিখুঁতভাবে পালন করেছেন।
সিটির জার্সিতে তার সময়টা ছিল সাফল্যে মোড়া। একাধিক প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ এবং কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ জয়ের পেছনেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। গোল কিংবা অ্যাসিস্টের পরিসংখ্যানের বাইরে বলের নিয়ন্ত্রণ, প্রতিপক্ষের চাপ ভাঙা এবং বড় ম্যাচে দায়িত্ব নেওয়ার ক্ষমতা তাকে আলাদা মর্যাদা দিয়েছে।
অন্যদিকে গত মৌসুমে প্রত্যাশা পূরণ করতে পারেনি রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপা হাতছাড়া হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ থেকেও বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনালেই। ফলে নতুন মৌসুমের আগে দল পুনর্গঠনের পথে হাঁটছে স্প্যানিশ ক্লাবটি।
বার্নার্দো সিলভার আগমন সেই পরিকল্পনারই গুরুত্বপূর্ণ অংশ। অভিজ্ঞতা, সৃজনশীলতা এবং খেলার গতি নিয়ন্ত্রণের সক্ষমতা রিয়ালের মাঝমাঠে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে কঠিন ম্যাচে বলের দখল ধরে রাখা এবং আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে তিনি বড় ভূমিকা রাখতে পারেন।
তাকে ঘিরে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের আগ্রহের খবরও শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত রিয়ালই তাকে নিজেদের দলে ভেড়াতে সক্ষম হয়েছে। ট্রান্সফার ফি ছাড়াই এমন একজন প্রতিষ্ঠিত ফুটবলারকে পাওয়া ক্লাবটির জন্য বাড়তি অর্জন হিসেবেই দেখা হচ্ছে।
বর্তমানে পর্তুগাল জাতীয় দলের হয়ে বিশ্বকাপে ব্যস্ত রয়েছেন সিলভা। তবে বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে তার নতুন অধ্যায়। এবার দেখা যাবে, ম্যানচেস্টারের সাফল্যের নায়ক মাদ্রিদেও একই ছাপ রাখতে পারেন কি না।
ফরাসি ফুটবলের সিংহাসনে এমবাপ্পে
ভোজিনিয়া'র মাকে মার্কিন ভিসা দিতে বললেন ডেমোক্র্যাট নেতা
অনুশীলনে ফিরলেন নেইমার