হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজারের বেশি হাজি

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৯:৫১ এএম

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে প্রত্যাবর্তন করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত মোট ১৪৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে তারা ঢাকায় পৌঁছান। ঢাকার হজ অফিস ও হজ বুলেটিন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, হাজিদের ফিরিয়ে আনতে দেশের তিনটি নির্ধারিত বিমান সংস্থা নিয়োজিত রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বোচ্চ ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৩১৯ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে ৫৪ হাজার ৩২০ জন রয়েছেন।

চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫২ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন, যার মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। স্থানভেদে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা যান। এছাড়া, অসুস্থতার কারণে সৌদির বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন এবং ১৬ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। মক্কা-মদিনার মেডিকেল সেন্টার ও আইটি হেল্প ডেস্কের মাধ্যমে যথাক্রমে ৬৫ হাজার ৮৮৮ জন এবং ২৮_১৬৭ জন হাজিকে বিভিন্ন জরুরি সেবা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এর আগে ১৭ এপ্রিল ৪১৮ জন যাত্রী নিয়ে বছরের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে এবং ২১ মে প্রাক-হজ কার্যক্রম শেষ হয়। হজ সমাপন শেষে গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলমান থাকবে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত