খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামে জীবন রায়ের বাড়ির সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা। তারা হলেন- মোটরসাইকেলচালক শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তাদের ২২ মাস বয়সী কন্যা ও শ্যালিকা রুবিয়া (২০)। তবে শেখ শিহাব প্রাণে বেঁচে গেছেন। তিনি সুস্থ রয়েছেন।
দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি মোটরসাইকেলে চালকসহ দুইজন প্রাপ্তবয়স্ক নারী ও এক শিশুকে নিয়ে খুলনার দিঘলিয়া থেকে কালিয়ার উদ্দেশে রওনা হন শেখ শিহাব। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
একই পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
টানা বৃষ্টিতে ফরিদপুরে মরিচ চাষে বিপর্যয়
মাদক সংক্রান্ত বিরোধে যুবকের মৃত্যু, আসামি গ্রেপ্তার