হরমুজে স্থিতিশীলতায় সংলাপের আহ্বান কাতারের

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি সৌদি আরব, জর্ডান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন বলে জানিয়েছে আল জাজিরা।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, জর্ডানের আয়মান সাফাদি এবং কুয়েতের শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর সঙ্গে আলাপে শেখ মোহাম্মদ উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমানোর সব প্রচেষ্টার প্রতি কাতারের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ফোনালাপে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা এবং সাম্প্রতিক উত্তেজনা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, নেতারা সব পক্ষকে সংলাপ ও কূটনীতির পথ অনুসরণ করার আহ্বান জানান। একই সঙ্গে ২০ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

ওই সমঝোতা স্মারকের লক্ষ্য হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করা এবং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখা।

সাম্প্রতিক মাসগুলোতে ইরান, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কাতারের এই কূটনৈতিক যোগাযোগকে উপসাগরীয় স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন