যৌথ অভিযানে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার প্রধান আসামি

পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি রেহেনা গ্রেপ্তার

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম

পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি রেহেনা আক্তার কুমিল্লার বুড়িচং উপজেলার একটি ভাড়া বাসায় পিকআপচালক মো. ইব্রাহীম (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তারকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের দাবারগাঁও এলাকার একটি বাড়িতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ সিপিসি-২ এবং র‌্যাব-৯ সিপিসি-৩, সুনামগঞ্জের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাব জানায়, গত ১২ জুলাই কুমিল্লার বুড়িচং থানার নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে পিকআপচালক মো. ইব্রাহীমের মরদেহ উদ্ধার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইব্রাহীম প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে তার দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তারকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। অন্যদিকে তার প্রথম স্ত্রী ও সন্তানরা গ্রামের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন। দ্বিতীয় বিয়ের পরও প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণের জন্য নিয়মিত অর্থ দিতেন তিনি। এ বিষয়টি নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রায়ই পারিবারিক বিরোধ ও ঝগড়া-বিবাদ হতো।

অভিযোগ অনুযায়ী, গত ৯ জুলাই দুপুর ১২টা থেকে ১২ জুলাই দুপুর ১২টার মধ্যে যেকোনো সময়ে রেহেনা আক্তার অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় ইব্রাহীমকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে তার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৪ জুলাই বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযানে মামলার প্রধান আসামি রেহেনা আক্তারকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

Maz
আরও পড়ুন