কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে মো. খোকন মিয়া নামের এক কৃষকের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ছেলেকে বিদেশে পাঠানোর সঞ্চিত নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার গোপালনগর ৫ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মো. খোকন মিয়া ওই এলাকার মো. মজিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পুরো বসতঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. খোকন মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, ছেলেকে বিদেশে পাঠানোর জন্য সম্প্রতি বিভিন্ন সমিতি থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন এবং নিজের জমানো এক লাখ টাকাসহ মোট চার লাখ নগদ টাকা ঘরে রেখেছিলেন।অগ্নিকাণ্ডে সেই নগদ টাকাসহ ঘরের ধান, চাল, আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালনগর ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. সাইফুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকে আগুন লেগে খোকন মিয়ার বসতঘর ও রান্নাঘরসহ সর্বস্ব পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির সার্বিক খোঁজখবর নেন এবং তাদের মাঝে শুকনো খাবার ও কম্বল প্রদান করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, জামায়াত নেতা বহিষ্কার
অধিগ্রহণকৃত জমির ১৯ স্থাপনা উচ্ছেদ