উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএনের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি শৌচাগার থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ভোরে শৌচাগারের স্টিলের দরজা কেটে তার মরদেহ বের করে আনে পুলিশ। রুবেল হোসেন ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে ক্যাম্পে অনুষ্ঠিত রোলকলে অনুপস্থিত ছিলেন এএসআই রুবেল। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
শনিবার ভোর ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে সেখানে গিয়ে দেখতে পান, শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ। অনেকবার ডাকলেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ভেতরে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।
পরে উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট চিকিৎসকের উপস্থিতিতে শৌচাগারের দরজা কেটে রুবেল হোসেনকে উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, শৌচাগার ব্যবহারের সময় স্ট্রোকজনিত কারণে এএসআই রুবেল হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও পরবর্তী আইনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ৯ দোকান
রংপুর-লালমনিরহাট রুটে রেল চলাচল বন্ধ
হবিগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ