সীমান্ত বিরোধে ফের উত্তপ্ত আসাম ও অরুণাচল : চলছে অবরোধ

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০২:৩১ এএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় দুই রাজ্য আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। আসামের ধেমাজি জেলা সীমান্তে দুই রাজ্যের বাসিন্দাদের মধ্যে সহিংস সংঘর্ষের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় শূন্যে গুলি চালাতে বাধ্য হয় অরুণাচল প্রদেশের পুলিশ। গত সোমবার থেকে শুরু হওয়া এই উত্তপ্ত পরিস্থিতি বৃহস্পতিবার (১৩ আগস্ট) নতুন করে সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার প্রতিবাদে আসামে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে শুরু হওয়া অনির্দিষ্টকালের অর্থনৈতিক অবরোধ দ্বিতীয় দিনের মতো জারি রয়েছে। আসামের মিসিং সম্প্রদায়ের শীর্ষ ছাত্র সংগঠন 'টাকাম মিসিং পোরিন কেবাং' এবং স্থানীয় কয়েকটি গোষ্ঠী বুধবার থেকে এই অবরোধের ডাক দেয়।

সীমান্তে অস্থিরতা বাড়তে থাকায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উভয় রাজ্যের বাসিন্দাদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তিনি লেখেন, দুই রাজ্যের সম্পর্কের গভীরতা সীমানার চেয়েও অনেক বড়।

মুখ্যমন্ত্রী আরও জানান, সীমান্ত ভৌগোলিক পরিচয় নির্ধারণ করলেও মানুষের মধ্যকার সৌহার্দ্য ভেঙে দিতে পারে না। এর আগে তিনি ঘটনাটির সঠিক তদন্ত নিশ্চিত করতে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর দৃষ্টি আকর্ষণ করেন।

আসামের মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বার্তাকে স্বাগত জানান। তিনি এক পোস্টে উল্লেখ করেন, দুই রাজ্যের দীর্ঘদিনের ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।

দীর্ঘদিন ধরে চলে আসা এই সীমান্ত বিরোধের কারণে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়েছে। সম্প্রতি সংঘর্ষ ও অবরুদ্ধ পরিস্থিতির কারণে সীমান্ত অঞ্চলের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

তথ্যসূত্র: বিবিসি (BBC)

HN
আরও পড়ুন