মিয়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সারসহ গ্রেপ্তার ৫

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১২:০৫ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।

আটককৃতরা হলেন- হাতিয়া বাজার এলাকার আব্দুল ওহাব (১৯), হানিফ (২৬), আবুল মোর্শেদ (২৭), চৌরুঙ্গী আল আমিন সমাজের পারভেজ উদ্দিন (২৬) এবং গাজীপুর জেলার কালিয়াকৈর খাজা মার্কেট এলাকার পলাশ (১৮)।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে হাতিয়ার বাংলা বাজার খেয়াঘাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় একটি বোটের গতিবিধি সন্দেহজনক হলে বোটটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে বিএডিসি সিল দেওয়া ৭৬০ বস্তা সার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য আট লাখ টাকা। এ ঘটনায় জড়িত থাকায় বোটটিসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পণ্য পাচারের ঘটনায় মামলা করে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

MU
আরও পড়ুন