সাগরে ইঞ্জিন বিকল, ১৬ জেলেসহ মাছ ধরার বোট উদ্ধার

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা মাছ ধরার বোট ‘এফবি আল আমিন’ ও এর ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। পরে বোটটি টেনে সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্টে নিয়ে নিরাপদে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী এ তথ্য জানায়।

নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত ও সমুদ্রে সুশাসন বজায় রাখতে নিয়মিত টহলের অংশ হিসেবে গত সোমবার (২৪ আগস্ট) বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’। এ সময় মোংলা ফেয়ারওয়ে বয়ের কাছে ভাসমান অবস্থায় বোটটির সন্ধান পাওয়া যায়।

এর আগে রোববার (২৩ আগস্ট) রাতে টহলকালে নৌবাহিনী জাহাজটি বঙ্গোপসাগরে একটি মাছ ধরার বোটের ইঞ্জিন বিকল হয়ে ভাসমান থাকার তথ্য পায়। এরপর রাতেই উদ্ধার অভিযান শুরু করে নৌবাহিনী। পরদিন সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যে মোংলা ফেয়ারওয়ের কাছে বোটটির অবস্থান শনাক্ত করা হয়।

পরে নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ১৬ জেলেসহ ইঞ্জিন বিকল ‘এফবি আল আমিন’ উদ্ধার করেন। এ সময় জেলেদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে নৌবাহিনী জানায়, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে ১৬ জন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ‘এফবি আল আমিন’ নিয়ে সাগরে যান। সমুদ্রে যাওয়ার দুই দিন পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর প্রায় তিন দিন ধরে বোটটি সাগরে ভাসতে থাকে।

এদিকে, উত্তাল সাগর ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ বোটটিকে টেনে সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্টে নিয়ে আসে। সেখানে বোট ও ১৬ জেলেকে নিরাপদে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে তীরে পৌঁছে দেওয়ার এই কার্যক্রম সমুদ্রসীমায় দায়িত্ব পালনের পাশাপাশি নৌবাহিনীর মানবিক দায়িত্ববোধেরও একটি দৃষ্টান্ত।

MCH
আরও পড়ুন