রাশিয়ার গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: নিহত ১৫

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০২:১৫ এএম

রাশিয়ার আমুর অঞ্চলে অবস্থিত ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ (এজিসিসি) গ্যাস পাইপলাইনের স্থায়িত্ব পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন কর্মী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মর্মান্তিক এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। কারখানাটির কার্যক্রম চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল।

পাইপলাইন চেকিংয়ের সময় হঠাৎ ফেটে আগুন ধরে যায় এবং পরবর্তীতে চেক ভালভ পুড়ে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এ দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত, একজন নিখোঁজ এবং আরও সাতজন মারাত্মক আহত হয়েছেন।

নিহত ওই বাংলাদেশী কর্মীর নাম জাকির হোসেন, যার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে সুদূর রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি, কিন্তু এই আকস্মিক বিয়োগে তার পরিবারে এখন শোকের মাতম।

ঘটনার পরপরই রাশিয়ার বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করছে। আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করা, নিখোঁজের উদ্ধার এবং নিহতের পরিচয় চূড়ান্তসহ সব ধরনের কূটনৈতিক সহায়তা দেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: বাংলাদেশ দূতাবাস, মস্কো ও স্থানীয় সংবাদ মাধ্যম।

HN
আরও পড়ুন