নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। এ দুর্যোগে কাঠমান্ডুর পাশে থাকার বার্তা দিয়ে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে ফোন করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেলিফোন আলাপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সাথে তিনি নিশ্চিত করেন যে, প্রাকৃতিক এ দুর্যোগে এখন পর্যন্ত কোনো বাংলাদেশী নাগরিকের হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ফোনালাপে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালের এই কঠিন পরিস্থিতিতে সে দেশের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। সেই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কাছে পৌঁছে দেন তিনি।
দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় যেকোনো প্রয়োজনীয় সাহায্য দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে নেপালকে আশ্বস্ত করা হয়। জবাবে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বাংলাদেশের এই আন্তরিক সংহতির জন্য গভীর ধন্যবাদ জানান।
নেপালি কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর কোনো নির্দিষ্ট সহায়তার প্রয়োজন পড়লে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তথ্যসূত্র : পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ।
রাশিয়ায় বিস্ফোরণে বাংলাদেশি নিহত
রাশিয়ার গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: নিহত ১৫