বরগুনায় নারিকেল চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে মাটিতে পড়ে যান দবির নামে এক চোর। পরে গুরুতর আহত অবস্থায় সাহায্যের জন্য বাড়ির মালিককেই ডাক দেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার দক্ষিণ বরগুনা নামক এলাকায় বেলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলালের একটি নারিকেল গাছ থেকে ডাব চুরি করতে আসেন দবির। গাছে উঠে করাত দিয়ে কিছু ডাব কেটে মাটিতেও ফেলেন তিনি। পরে হঠাৎ গাছে থাকা একটি ভিমরুলের বাসায় আঘাত পড়তেই দবিরকে আক্রমণ করে ভিমরুল। এ সময় তিনি গাছ থেকে সরাসরি মাটিতে পড়ে গিয়ে আহত হন। দবির বাড়ির বাসিন্দাদেরকে উদ্ধার করতে ডাকাডাকি করলে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।
বাড়ির মালিক বেলাল হোসেন বলেন, ‘ডাক চিৎকার শুনে গিয়ে দেখি, দবির উঠে দাঁড়ানো তো দূরের কথা এপাশ ওপাশ করতেও পারছেন না। আমি ভয় পেয়ে পুলিশকে খবর দেই। আমি তার নামে কোনো অভিযোগ করতে চাই না।’
বরগুনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, ঘটনাস্থলে পৌঁছে গাছের নিচে পড়ে থাকা অবস্থায় দবির নামে একজনকে উদ্ধার করেছি। গুরুতর আহত থাকায় তাকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রীর বাবুনগর মাদ্রাসা পরিদর্শন
ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড