দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রোববার থেকে ভারতের সঙ্গে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় বাণিজ্যিক সুযোগ-সুবিধায় পিছিয়ে পড়ার অজুহাতে এ সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।
শনিবার সন্ধ্যায় ভারতীয় রপ্তানিকারক সংগঠনের পক্ষ থেকে বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বাণিজ্য বন্ধের বিষয়টি অবহিত করা হয়। হিলি বন্দরের শুল্ক কর্মকর্তা পারভেজ আহমেদ ভারতে তৈরি হওয়া এই সিদ্ধান্তের চিঠি পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন জানান, অন্য বন্দরের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। সেখানকার বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিকাশ মণ্ডল জানান, অন্যান্য বন্দরে নানা সুবিধা পেলেও হিলিতে ব্যবসায়ীরা ক্রমাগত কোণঠাসা হয়ে পড়ছেন। ফলে ব্যবসায়িক স্বার্থ রক্ষায় সাময়িকভাবে সব ধরনের পণ্য আদান-প্রদান স্থগিত রাখার যৌথ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পণ্য বাণিজ্য স্তব্ধ হলেও পাসপোর্টে যাত্রী পারাপারে কোনো ব্যাঘাত ঘটছে না। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. জাকারিয়া জানান, পাসপোর্ট ও বৈধ ভিসা থাকলে সাধারণ যাত্রীরা নিয়ম মেনেই স্বাভাবিকভাবে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।
চিলিতে অভিষেকেই ভোজিনিয়ার বাজিমাত
ভোলায় ভারতীয় অবৈধ ট্রলিংবোট ও জাল জব্দ