জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে কিয়েভে পৌঁছেছেন কুশনার-উইটকফ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় দীর্ঘ বৈঠকের পর ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ইউক্রেন যুদ্ধের অবসানে ওয়াশিংটনের নতুন কূটনৈতিক তৎপরতার দ্বিতীয় ধাপে রোববার (৬ সেপ্টেম্বর) কিয়েভে পৌঁছান তারা। এটি যুদ্ধ শুরুর পর কিয়েভে তাদের প্রথম সফর।

কিয়েভে পৌঁছানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাদের স্বাগত জানান। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কোয় পুতিনের সঙ্গে তিন ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন উইটকফ ও কুশনার। বৈঠকে ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হয়েছে বলে ক্রেমলিন জানিয়েছে।

জেলেনস্কি জানান, মার্কিন দূতদের সঙ্গে আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত। তিনি বলেন, যুদ্ধের অবসান, নিরাপত্তার নিশ্চয়তা এবং যুদ্ধ-পরবর্তী মর্যাদাপূর্ণ শান্তি নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে ইউক্রেনের নিজস্ব প্রস্তাবও প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান কিরিলো বুদানভ জানান, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির প্রতিনিধিরাও কিয়েভে রয়েছেন। ফলে মার্কিন দূতদের সফরকে ঘিরে ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মস্কো থেকে কিয়েভ যাওয়ার পথে উইটকফ ও কুশনার পোল্যান্ডের রজেশভ শহরে যাত্রাবিরতি করেন। এরপর তারা রেলপথে কিয়েভে পৌঁছান বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

মার্কিন দূতদের সফর ঘিরে রাশিয়া ও ইউক্রেন নিজেদের রাজধানী মস্কো ও কিয়েভে বিমান হামলা সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে ৭২ ঘণ্টার একটি সীমিত সমঝোতায় পৌঁছেছে। তবে এই বিরতি শুধু দুই রাজধানীর ক্ষেত্রে প্রযোজ্য। ইউক্রেনের অন্যান্য এলাকায় রুশ হামলা অব্যাহত রয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, রাশিয়া সর্বশেষ হামলায় ১০৮টি শাহেদ ধরনের ড্রোন ব্যবহার করেছে। কিয়েভ অঞ্চলে অবকাঠামোতে হামলার পাশাপাশি দেশটির বিভিন্ন এলাকায় রুশ বিমান হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৬৫ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

এর আগে শনিবার ক্রেমলিনে পুতিনের সঙ্গে উইটকফ ও কুশনারের বৈঠক প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। বৈঠক শেষে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এটিকে কার্যকর আলোচনা হিসেবে বর্ণনা করেন। তাঁর দাবি, মার্কিন প্রতিনিধিরা যুদ্ধ দ্রুত শেষ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন এবং সম্ভাব্য সমঝোতার বিভিন্ন পথ নিয়ে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেছেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, দুই পক্ষ পরবর্তী পদক্ষেপের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। এসব পরিকল্পনা আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হতে পারে।

মস্কোর পর কিয়েভে উইটকফ ও কুশনারের সফরকে তাই যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের নতুন কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির শর্ত, ভূখণ্ড এবং নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে বড় ধরনের মতপার্থক্য এখনো রয়ে গেছে। সূত্র: সিএনএন

এএস
আরও পড়ুন