প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরের শহরতলি ওভেরভিলিয়ে শহরে গ্যাস লিক থেকে ভয়াবহ বিস্ফোরণে নাহিল নামে দুই বছর বয়সী এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সেইন-সাঁ-দনি (৯৩) বিভাগের ওভেরভিলিয়ের রুই পল-ভেরলেন এলাকায় একটি প্যাভিলিয়ন বা ভিলা বাড়িতে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির একটি অংশ ধসে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফরাসি দমকল বাহিনী, পুলিশ ও জরুরি পরিষেবার সদস্যরা। প্রেফেকচুর এএফপিকে জানিয়েছে, উদ্ধার অভিযানে প্রায় ১১০ জন দমকলকর্মী অংশ নেন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দলও কাজ করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নাহিল বাংলাদেশের হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে। বিস্ফোরণের সময় গুরুতর আহত নাহিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সন্তানের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ফরাসি সংবাদমাধ্যম লো মন্দ, লো পারিজিয়াঁ এবং বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে গ্যাস লিক থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে গ্যাস লিকের নির্দিষ্ট উৎস বা কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি তদন্তে একটি বিচারিক তদন্ত শুরু হয়েছে।

এমসিএইচ
আরও পড়ুন