ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও এক বাংলাদেশি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মহকুমা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে আসাদুল হক এবং উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম। আহত শ্রী উদা একই উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩-এর কাছে ভারতের উত্তর দিনাজপুরের ৬৩ নম্বর চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল তিন বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনজন গুরুতর আহত হন।
পরে বিএসএফ সদস্যরা আহতদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুল হক ও মোস্তাকিমের মৃত্যু হয়। আহত শ্রী উদা বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
ভারতের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ টাইমসের প্রতিনিধি রাধা রানী হালদার ঠাকুর হোয়াটসঅ্যাপে জানান, অনুপ্রবেশের অভিযোগে শনিবার সকালে চকশিবানন্দ বিএসএফের সদস্যরা তিন বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি করেন। এতে তিনজন আহত হন। পরে তাদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, কালিয়াগঞ্জ থানা পুলিশের কাছ থেকে তিনি বিষয়টি জেনেছেন। নিহতদের মরদেহ বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে।
এদিকে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পীরগঞ্জের চান্দেরহাট সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বলেন, বিএসএফের গুলিতে নিহত দুইজনই তার এলাকার বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে তাদের মৃত্যুর খবর জানতে পারেন তারা। পরে বিষয়টি বিজিবিকে জানানো হলে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন বলেন, বিভিন্ন মাধ্যমে তারা ঘটনাটি জানতে পেরেছেন। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চলছে।
বরগুনায় বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ নিয়ে সংঘর্ষ, আহত ২০
এক গাছে বিভিন্ন পাখির শান্তির সংসার
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ