হরমুজে জাহাজে হামলা নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এল গাইয়া’ ক্ষতিগ্রস্ত হওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি দাবি করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। তেহরানের দাবি, নৌমাইনে আঘাত পেয়ে জাহাজটিতে আগুন লাগে। তবে মার্কিন সামরিক বাহিনী এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, গত মাসে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতেই অচল হয়ে পড়েছিল 'এল গাইয়া'। সম্প্রতি ওমান উপকূলের কাছে অবস্থানকালে জাহাজটিতে নতুন করে ড্রোন হামলা চালায় ইরানি বাহিনী। নৌমাইনে ক্ষতিগ্রস্ত হওয়ার আইআরজিসির দাবিটি অসত্য।

সেন্টকমের অভিযোগ, তেহরান ভুয়া তথ্য ছড়িয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে আতঙ্ক সৃষ্টি করছে এবং প্রণালির স্বাভাবিক নৌপথ ব্যাহত করছে। অন্যদিকে আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ এবং এর পুরো নিয়ন্ত্রণ এখন তাদের হাতে।

রোববার ভারতের পক্ষ থেকে জানানো হয়, ওমান উপকূলে আক্রান্ত জাহাজটির ১৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। একটি আঞ্চলিক দেশের সহায়তায় বর্তমানে ক্ষতিগ্রস্ত জাহাজটিকে টেনে নেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: শাফাক নিউজ

এইচএন
আরও পড়ুন