সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ এএম

সুদানের পশ্চিম কুর্দোফান প্রদেশের একটি সোনার খনিতে মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৬০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এল-নাহুদ শহরের নিকটবর্তী ‘আল-জারা’ সোনার খনির কয়েকটি সুড়ঙ্গ হঠাৎ ধসে পড়ায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

বেঁচে যাওয়া শ্রমিকদের তথ্যমতে, বুধবার সকাল পর্যন্ত খনি থেকে ৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি সুড়ঙ্গ ধসে পড়ার পর পর্যায়ক্রমে আশেপাশের কয়েকটি সুড়ঙ্গও ধসে পড়ে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর সারা রাত ধরে উদ্ধার তৎপরতা চালানো হলেও আরও অনেকে ভেতরে আটকা পড়ে আছেন কি না তা নিশ্চিত নয়। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালানোর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে।

উল্লেখ্য, সুদানের অনানুষ্ঠানিক খনিগুলোতে দীর্ঘদিন ধরেই নিরাপত্তাব্যবস্থার চরম ঘাটতি রয়েছে। এর আগে ২০১৩ সালেও জাবাল আমির এলাকার খনি ধসে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

২০২৩ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের ফলে সুদানের অর্থনীতি ভেঙে পড়েছে। জীবিকার কোনো বিকল্প না পেয়ে চরম ঝুঁকি নিয়ে বহু মানুষ এসব বিপজ্জনক খনিতে কাজ করতে বাধ্য হচ্ছেন।

সূত্র: এএফপি 

এইচএন
আরও পড়ুন