গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

বরিশালের গৌরনদীতে গভীর রাতে এক গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণের অভিযোগে খায়রুল আকন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠা আরেক যুবক আহত হয়ে আত্মগোপনে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সরিকল ইউনিয়নের বেতগর্ভ গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার খায়রুল আকন ওই গ্রামের আক্কাস আকনের ছেলে। অপর অভিযুক্ত ইসলাম বালী (২৪) একই গ্রামের সুলতান বালীর ছেলে।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান, রাত ১২টার দিকে খায়রুল ও ইসলাম বালী কৌশলে দুই সন্তানের জননী ওই গৃহবধূর বসতঘরে প্রবেশ করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে খায়রুলের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ রয়েছে। পরে ইসলাম বালীও তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় গৃহবধূ আত্মরক্ষার্থে ধারালো দা দিয়ে ইসলাম বালীকে আঘাত করলে তিনি আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ কর্মকর্তা আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পর সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে খায়রুল আকনকে গ্রেপ্তার করে। অপর অভিযুক্ত ইসলাম বালী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এম.সি. এইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত