ইসরায়েলের দুটি হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানোর দাবি করেছে ‘সাইবার সাপোর্ট ফ্রন্ট’ নামের একটি ইসরায়েলবিরোধী গোষ্ঠী। তাদের দাবি, এই হামলার মাধ্যমে ইসরায়েলের আর্থিক ব্যবস্থায় বড় ধরনের আঘাত হানা হয়েছে।
এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ‘লোয়েনথাল ওরেন অ্যান্ড কো’ এবং ‘ওভেদ মাতালন অ্যান্ড কো সিপিএ’ নামের দুটি প্রতিষ্ঠানে তারা সাইবার হামলা চালিয়েছে। প্রতিষ্ঠান দুটি হিসাবরক্ষণ, নিরীক্ষা ও আর্থিক পরামর্শসেবা দিয়ে থাকে।
বিবৃতিতে বলা হয়, প্রথম প্রতিষ্ঠানটি পরিবহন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, আইনজীবী প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, অলাভজনক সংস্থা এবং সরকারি সংস্থাসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে। অন্যদিকে দ্বিতীয় প্রতিষ্ঠানটি প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান ও নতুন উদ্যোগের সঙ্গে কাজ করে এবং দেশীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের আর্থিক সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি ‘ক্রেস্টন গ্লোবাল’ নেটওয়ার্কেরও স্বীকৃত সদস্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
গোষ্ঠীটির দাবি, সাইবার হামলার সময় ওই দুই প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকা বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান ও সংস্থার প্রায় ৮০ টেরাবাইট তথ্য সংগ্রহ ও নিজেদের দখলে নেওয়া হয়। পরে এসব তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্ভার থেকে মুছে ফেলা হয়েছে বলেও দাবি করেছে তারা।
বিবৃতিতে ‘সাইবার সাপোর্ট ফ্রন্ট’ আরও জানায়, লক্ষ্যবস্তু প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকা প্রতিষ্ঠানের মধ্যে ‘শ্মিট’, ‘অ্যালান আর ডয়চ’, ‘এইচএলবি বেন-ৎসভি পার্লস্টেইন’ এবং ‘গুবারম্যান’ রয়েছে।
বিবৃতির শুরুতে ‘ইয়েমেন প্রতিরোধ ফ্রন্টের’ বিজয়ে বিশ্বের স্বাধীনতাকামী জাতিগুলোকে অভিনন্দন জানানো হয়। গোষ্ঠীটি আরও দাবি করে, সাইবার প্রতিরোধ ফ্রন্ট বড় ধরনের কয়েকটি বিজয় অর্জন করেছে, যার খবর শিগগির প্রকাশ করা হবে। এসব বিজয়ের মাধ্যমে ইসরায়েলি রাষ্ট্রের অবসান ঘনিয়ে এসেছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
‘বিশ্বশক্তির রাজনীতিতে পরিবর্তন এনেছে ইরানি জনগণ’
মিনাব ও লামার্ডে হামলা ভুল নয় যুদ্ধাপরাধ: গারিবাবাদি
‘ইরানের জন্য আত্মত্যাগ’ সমাবেশ ঐক্য ও সংহতির প্রতীক: পেজেশকিয়ান