নেত্রকোনার দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব হিমেল সরকারকে ছিনতাইয়ের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর চৌকি আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আবুল কালাম।
এর আগে বৃহস্পতিবার রাতে হিমেল সরকারকে আটক করে দুর্গাপুর থানা-পুলিশ। পুলিশ জানায়, ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তি থানায় মামলা করার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনার পরপরই হিমেলকে আটক করা হয়। পরে ভুক্তভোগী থানায় মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মৌখিক অভিযোগ পাওয়া গেলেও এবার সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে।
এদিকে মামলার এক দিন আগে বৃহস্পতিবার হিমেল সরকারকে দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা সালমান আরশাদ নজরুলসহ তিন যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরিত নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কারাদেশে হিমেলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। তবে ওই বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি।
বহিষ্কারের বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা সালমান আরশাদ নজরুল অভিযোগ করেন, হিমেলের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, পর্যটকদের মালামাল কেড়ে নেওয়া, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার দাবি, দায়িত্ব পাওয়ার পর হিমেল ক্ষমতার অপব্যবহার শুরু করেন।
এসব অভিযোগের বিষয়ে হিমেল সরকারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে করা মামলার অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
ফুলবাড়ীতে ভালো ফলনেও আউশে লোকসানের শঙ্কা কৃষকের
ববিতে র্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী হাসপাতালে