জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাচারের সময় ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় দুটি অটোরিকশায় করে সারগুলো অন্যত্র নেওয়ার সময় স্থানীয়রা অটোরিকশা দুটি আটক করেন।
পরে খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকেও ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে একটি অসাধু চক্র বিভিন্ন কৌশলে ইউরিয়া ও নন-ইউরিয়া সার অন্য এলাকায় পাচারের চেষ্টা করছে। প্রশাসনের অভিযানে এসব চেষ্টা ব্যর্থ হচ্ছে। জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে।
ইউএনও মুরাদ হোসেন বলেন, জব্দ করা সার কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। এগুলো ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সার পাচারের সঙ্গে জড়িত অসাধু চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
শেরপুরে সার কালোবাজারির মামলায় কারাগারে ১৫ ডিলার
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু