রিয়াদমুখী দুই হুথি ড্রোন ভূপাতিত, দাবি সৌদি জোটের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুথিদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে জোটের মুখপাত্র এক্সে দেওয়া এক পোস্টে জানান, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদের দিকে আসা দুটি ড্রোন শনাক্ত করে সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। একই সঙ্গে সৌদি আরবের দিকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, জোটের প্রাথমিক বিবৃতিতে তা জানানো হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একই সময় সৌদি জোট দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন প্রতিহত করার কথাও জানিয়েছে। তবে সংশ্লিষ্ট হামলাগুলোর বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সৌদি রাজধানী রিয়াদকে লক্ষ্য করে হুথিদের হামলার ঘটনা সাম্প্রতিক সময়ে একাধিকবার সামনে এসেছে। এর আগে ১৯ সেপ্টেম্বর সৌদি জোট রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছিল। সৌদি সরকারি সংবাদ সংস্থা এসপিএও ওই ঘটনার কথা জানিয়েছিল।

এ ছাড়া হুথিরা রিয়াদে ‘সংবেদনশীল লক্ষ্যবস্তুতে’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। তবে এসব দাবির কিছু বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।

ইয়েমেনে হুথি ও সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে সাম্প্রতিক লড়াইও তীব্র হয়েছে। ফলে সীমান্ত পেরিয়ে সৌদি ভূখণ্ডে হামলার আশঙ্কা এবং আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। রয়টার্সের হিসাবে, সাম্প্রতিক ইয়েমেন সংঘাতে ৭০০-এর বেশি মানুষ নিহত এবং প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

সৌদি জোটের সর্বশেষ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে রিয়াদমুখী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইয়েমেন ফ্রন্টের গুরুত্ব আরও বাড়িয়ে তুলছে।

ওয়াইএ
আরও পড়ুন