গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, মাইজদীতে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সোর্স ব্রেকারে বিস্ফোরণের পর সেটি বিকল হয়ে পড়েছে। এতে চৌমুহনী থেকে মাইজদী পর্যন্ত ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে জেলা শহর মাইজদী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ব্রেকারে আগুন ধরে গেলে মাইজদী উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নোয়াখালী কার্যালয় সূত্র জানায়, চৌমুহনী গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স ব্রেকারটি মেইন ব্রেকার হিসেবে কাজ করে এবং এর মাধ্যমে মাইজদী উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ব্রেকারটি বিকল হওয়ার পর বিকল্প একটি সোর্সের মাধ্যমে রিং সার্কিট ব্যবহার করে প্রায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে মাইজদী শহর ও আশপাশের এলাকায় চাহিদা রয়েছে প্রায় ২০ থেকে ২৫ মেগাওয়াট।

বিদ্যুৎ সরবরাহ সীমিত হয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত ব্রেকারটি পুনঃস্থাপন না হওয়া পর্যন্ত রোটেশন পদ্ধতিতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যবস্থায় শহরের এক অংশে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হলে অন্য অংশে সরবরাহ বন্ধ থাকবে। পরবর্তী ঘণ্টায় সরবরাহের এলাকা পরিবর্তন করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতে মাইজদী শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে রাত ১২টার দিকে কিছু এলাকায় বিদ্যুৎ ফিরলেও এক ঘণ্টার মধ্যে আবার চলে যায়। এভাবে রাতভর এবং শনিবার সকাল পর্যন্ত কয়েক দফা বিদ্যুৎ আসা-যাওয়া করেছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

পিডিবি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাহার বলেন, চৌমুহনী গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স ব্রেকারের পোল নষ্ট হয়ে সেটি বিকল হয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থায় জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে। একই সঙ্গে সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

তিনি আরও বলেন, বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হয়েছে। শনিবার বিকেলের দিকে নতুন ব্রেকার স্থাপনের কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। এরপর বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।

এমইউ
আরও পড়ুন