মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩০০ নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়ন এবং টুঙ্গিপাড়া পৌরসভার নির্ধারিত কেন্দ্রে চাল বিতরণ করা হয়। এর আগে উপজেলা খাদ্যগুদামে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়ার মধুমতি, বাঘিয়ার ঘাট ও দাড়িয়ার কুল নদীসহ বিভিন্ন নদ-নদীতে ইলিশ পাওয়া যায়। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
চাল বিতরণের আগে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করেন ইউএনও মো. দিদারুল আলম। তিনি নিষেধাজ্ঞার পুরো সময় নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের সাময়িক জীবিকা সংকট মোকাবিলায় সরকার এ খাদ্যসহায়তা দিচ্ছে। পাশাপাশি মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা মেনে চলার ওপর গুরুত্ব দেন তাঁরা। এ সময় মা ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি ও মজুতের বিরুদ্ধে আইনানুগ অভিযান অব্যাহত রাখার কথাও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সৌদি শাসকগোষ্ঠী জায়নবাদী পথ অনুসরণ করছে: আল-হুথি
যেকোনো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইরাকিরা