সেন্টমার্টিন দ্বীপের কাছে সমুদ্রসীমায় অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৬টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন বাংলাদেশের জলসীমায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি দল বিশেষ অভিযান শুরু করে। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধের জন্য সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটে থাকা ব্যক্তিরা তিনটি বস্তা সমুদ্রে ফেলে মিয়ানমারের জলসীমার দিকে পালিয়ে যান।
পরে কোস্ট গার্ডের সদস্যরা সমুদ্রে ভাসতে থাকা বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালান। এ সময় বস্তার ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন পাওয়া যায়। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার দুপুরে মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক, মানব পাচারসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালাচ্ছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শান্তিপূর্ণ রসায়ন চর্চায় ঢাকায় আট দেশের তরুণদের আন্তর্জাতিক প্রশিক্ষণ