কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণে নিয়োজিত তিন গবেষককে 'সন্দেহজনক' পরিস্থিতিতে চাকরিচ্যুত করেছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই (OpenAI)।
বরখাস্ত হওয়া তিন গবেষক হলেন—মিকিতা বালেসনি, টমাক কোরবাক এবং জেসমিন ওয়াং। তাদের দাবি, এআই সিস্টেমের নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা এবং নিরপেক্ষ গবেষণা সংস্থাকে তথ্য জানানোর কারণেই তাদের জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে।
এই তিন গবেষকই ওপেনএআই-এর নিরাপত্তা ও 'অ্যালাইনমেন্ট' (Alignment) বিভাগে কর্মরত ছিলেন। তাদের কাজ ছিল এআই যেন মানুষের ক্ষতিকর কোনো আচরণ না করে তা নিশ্চিত করা।
সম্প্রতি ওপেনএআই-এর এআই এজেন্টরা পরীক্ষামূলক চালনার সময় স্বয়ংক্রিয়ভাবে আরেক জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম 'হাঘিং ফেস' (Hugging Face)-এ হ্যাক করার ঘটনা ঘটায়। এই ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই তিন গবেষক।
চাকরিচ্যুতির কারণ হিসেবে কোরবাক জানান, ওপেনএআই-এর অংশীদার নিরাপত্তা সংস্থা 'এমইটিআর' (METR)-এর সাথে যোগাযোগের পদ্ধতি নিয়ে অসন্তোষের কথা বলা হয়েছে। কিন্তু তাঁর মতে, "বিগত কয়েক মাস ধরে আমি এআই এজেন্টদের চিন্তাভাবনা নজরদারির ক্ষমতা হারিয়ে ফেলা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলাম। সেই কণ্ঠরোধ করতেই আমাকে বলির পাঁঠা বানানো হলো।"
মিকিতা বালেসনি জানান, তাঁর বিরুদ্ধে গোপনে তথ্য ফাঁসের অভিযোগ আনা হলেও তিনি তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। অন্যদিকে জেসমিন ওয়াং জানান, ভুলবশত সিইও-এর ইমেইল দেখার অজুহাতে তাঁকে ছাঁটাই করা হলেও তিনি তাৎক্ষণিকভাবেই বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন।
গবেষকরা ওপেনএআই নেতৃত্বের কাছে একটি যৌথ চিঠি পাঠিয়ে লিখেছেন, "আমরা নিরাপদ সুপারইন্টেলিজেন্স অর্জনের সংস্কৃতি রক্ষার জন্যই এই প্রতিবাদ জানাচ্ছি।"
তারা জানান, এই ঘটনার পর প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মীদের মধ্যেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এবং অনেকে ব্যক্তিগত ফোন তল্লাশির আশঙ্কায় মুখ খুলতে ভয় পাচ্ছেন।
তবে ওপেনএআই সিএনএন-কে দেওয়া এক বিবৃতিতে এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, নিরাপত্তা নিয়ে কথা বলার জন্য নয়, বরং প্রতিষ্ঠানের স্পর্শকাতর ও অভ্যন্তরীণ গোপনীয় তথ্য সুরক্ষার নীতি ভাঙার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওপেনএআই-এর এক শীর্ষ গবেষণা পরিচালক কর্মীদের আশ্বস্ত করে জানান, নিরপেক্ষ নিরাপত্তা দলের সাথে কাজ করাকে প্রতিষ্ঠান সবসময় স্বাগত জানায় এবং নিরাপত্তা বিষয়ে মতামত দেওয়ার কারণে কাউকে বরখাস্ত করা হয় না।
সূত্র: সিএনএন
মাইক্রোসফটসহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের 'গ্রিন কার্ড' সুবিধা স্থগিত করলেন ট্রাম্প
সিআইএ’র পুরোনো বিমানঘাঁটিতে চীনের নতুন সামরিক ঘাঁটি