পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের কারণে চরম অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে পৃথিবী। আগামী ২১০০ সালের মধ্যেই বিশ্ব থেকে মানুষের চিহ্ন চিরতরে মুছে যেতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন গবেষকরা।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা গবেষণা সাময়িকী 'দ্য ল্যানসেট'-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। বিশ্বমানের বিজ্ঞানীরা বিশ্লেষণ করে আগামী ৭৫ বছরের মধ্যে মানুষের টিকে থাকার ক্ষেত্রে ১৭টি বড় হুমকির কথা উল্লেখ করেছেন।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, এআই প্রযুক্তির সাহায্যে মারাত্মক জৈব অস্ত্র তৈরি বা পারমাণবিক সংঘর্ষ শুরু হলে বায়ুমণ্ডল ঘন ধোঁয়া ও ছাইয়ে ঢেকে যাবে। ফলে সূর্যালোক পৃথিবীতে পৌঁছাতে না পেরে বিশ্বজুড়ে দেখা দেবে প্রাণঘাতী দুর্ভিক্ষ, যা মানুষকে বিলুপ্তির দিকে ঠেলে দেবে।
শুধু এআই বা পরমাণু যুদ্ধই নয়, মানবজাতির জন্য আরও কিছু বড় সংকট আশঙ্কাজনক হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তন, মারাত্মক বায়ুদূষণ, শিশু অপুষ্টি, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা এবং ধনী দেশগুলোর অনুদান কমানোর মতো বিষয়গুলো উল্লেখযোগ্য।
তবে চরম বিপর্যয়ের মধ্যেও আশার বাণী শুনিয়েছেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, বিশ্বনেতারা যদি এখনই সমন্বিত উদ্যোগ নেন এবং পরিবেশ ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ জোর দেন, তবে এই বড় বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করা সম্ভব। সম্প্রতি বার্লিনে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে গবেষকরা বিশ্বনেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সূত্র: দ্য ল্যানসেট
খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, পদচ্যুত মুখ্যমন্ত্রী গ্রেপ্তার
ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবি: নিহত ১৩৯, নিখোঁজ ৮৪