আজ টাক মাথা দিবস, চুল নয় আত্মবিশ্বাসেই আসল সৌন্দর্য

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পিএম

মাথায় চুল থাকুক কিংবা না থাকুক, সৌন্দর্যের মাপকাঠি হওয়া উচিত নয় মানুষের চেহারা। নিজের স্বাভাবিক রূপকে ভালোবাসা, আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করা এবং অন্যের শারীরিক বৈশিষ্ট্যকে সম্মান জানানোই প্রকৃত সৌন্দর্যের পরিচয়। এই বার্তা নিয়েই আজ ১৪ অক্টোবর পালিত হচ্ছে ‘টাক থাকুন, স্বাধীন থাকুন দিবস’।

ইংরেজিতে ‘বি বোল্ড অ্যান্ড বি ফ্রি ডে’ নামে পরিচিত দিবসটির মূল লক্ষ্য টাক মাথা নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা ভাঙা, চুলহীন মানুষের আত্মবিশ্বাস বাড়ানো এবং বাহ্যিক সৌন্দর্যের গণ্ডির বাইরে গিয়ে মানুষকে মূল্যায়নের আহ্বান জানানো। একই সঙ্গে ক্যানসারসহ বিভিন্ন রোগের চিকিৎসায় চুল হারানো ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশেরও দিন এটি।

দিবসভিত্তিক তথ্যসূত্র ‘বিহাইন্ড দ্য নেম’সহ বিভিন্ন সূত্রে জানা যায়, ‘ওয়েলক্যাট’-এর উদ্যোক্তা টমাস রয় ও রুথ রয় দিবসটি চালু করেন। চুল থাকা বা না থাকার সঙ্গে সৌন্দর্য ও ব্যক্তিত্বের সম্পর্ক নিয়ে প্রচলিত ধারণা বদলানোই ছিল এর অন্যতম উদ্দেশ্য। নিজের চেহারা নিয়ে ইতিবাচক থাকা এবং শরীরের স্বাভাবিক বৈশিষ্ট্যকে সহজভাবে গ্রহণ করতে মানুষকে উৎসাহিত করে দিবসটি।

বিভিন্ন কারণে মানুষের মাথার চুল পড়ে যেতে পারে। বংশগত বৈশিষ্ট্য, বয়স বৃদ্ধি, হরমোনের পরিবর্তন, শারীরিক অসুস্থতা কিংবা নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এর কারণ হতে পারে। ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত কেমোথেরাপির কারণেও অনেকের চুল ঝরে যায়। আবার কেউ কেউ ব্যক্তিগত পছন্দ, ফ্যাশন কিংবা নিজস্ব পরিচয়ের অংশ হিসেবে মাথা ন্যাড়া করেন।

তবে চুল হারানোর কারণ যা-ই হোক, তা নিয়ে কারও সংকোচ বা হীনম্মন্যতায় ভোগার কথা নয়। কিন্তু বাস্তবে টাক মাথা কিংবা চুল পড়ে যাওয়াকে ঘিরে অনেককেই কটূক্তি ও বিব্রতকর মন্তব্যের মুখোমুখি হতে হয়। বিশেষ করে কম বয়সে চুল হারালে কারও কারও মধ্যে মানসিক চাপ তৈরি হয়, কমে যায় আত্মবিশ্বাসও।

‘টাক থাকুন, স্বাধীন থাকুন দিবস’ সেই দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানায়। মনে করিয়ে দেয়, সৌন্দর্য কোনো নির্দিষ্ট ছাঁচে বাঁধা নয়। মানুষের ব্যক্তিত্ব, যোগ্যতা কিংবা আত্মমর্যাদা চুলের উপস্থিতি দিয়ে নির্ধারিত হয় না। বরং নিজের প্রতি ইতিবাচক মনোভাব এবং অন্যের স্বাভাবিক বৈশিষ্ট্যের প্রতি সম্মানই মানুষকে সুন্দর করে তোলে।

দিবসটির বার্তা তাই সহজ চুল থাকুক বা না থাকুক, নিজের স্বাভাবিক রূপকে গ্রহণ করুন, আত্মবিশ্বাসী থাকুন। অন্যের চেহারা নিয়ে বিদ্রূপ না করে তাঁর প্রতি সম্মান দেখান। কারণ সৌন্দর্যের প্রকৃত প্রকাশ কেবল বাহ্যিক অবয়বে নয়, বরং আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও নিজেকে ভালোবাসার মধ্যেই।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত