'আত্মরক্ষায় হামলা করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না ইরান'

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম

ইরানের ওপর নতুন করে সামরিক হামলা হলে আত্মরক্ষার অধিকার প্রয়োগে বিন্দুমাত্র দ্বিধা করবে না তেহরান। সোমবার (২৬ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যুদ্ধাবস্থায় রয়েছে এবং দেশের প্রতিরক্ষায় সশস্ত্র বাহিনীর কোনো সংশয় নেই।

তেহরানে ইরান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক সামনে রেখে এসব কথা বলেন বাঘাই। তিনি জানান, বৈঠকে ফিলিস্তিন, ইসরায়েল ও লেবানন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আগ্রাসন বলে অভিহিত কর্মকাণ্ডের পরিণতিও আলোচ্যসূচিতে থাকবে।

ইউরোপের দেশগুলো আলোচনার বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে বাঘাই বলেন, এ বিষয়ে তিনি নিশ্চিত নন। তার মতে, ইউরোপের সম্ভাব্য অবস্থান পরিবর্তন কেবল রাজনৈতিক লোকদেখানো পদক্ষেপও হতে পারে।

বাঘাইয়ের অভিযোগ, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানের ওপর হামলাকে হয় সমর্থন করেছে, নয়তো তা মেনে নিয়েছে। এ ছাড়া জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ায় দেশ তিনটি ওয়াশিংটনের পথ অনুসরণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাঘাই বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি। অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে, এমন খবরের বিষয়ে তিনি বলেন, ভবিষ্যতে কোনো সামরিক হামলা হলে তেহরান কীভাবে জবাব দেবে, তা আগাম ব্যাখ্যা করা তার কাজ নয়। বাঘাই বলেন, কী করা হবে, তা করার আগে ইরান ঘোষণা দেবে না।

ইরান-সৌদি সীমান্ত পারাপারের বিষয়ে বাঘাই জানান, পাকিস্তান কারিগরি সমস্যা ও নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়েছে। এদিকে ইরাকি কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছেন ইরানের কর্মকর্তারা। রোববার কাতারের একটি প্রতিনিধিদল তেহরান সফর করেছে জানিয়ে তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি মধ্যস্থতাকারী হিসেবে কাতারের অবস্থানও তুলে ধরেছে দলটি।

কাতারে বিধ্বস্ত ইরানি বিমানের পাইলটদের ভাগ্য নির্ধারণের বিষয়টি এখনো পর্যালোচনায় রয়েছে বলে জানান বাঘাই। এ জন্য পাঠানো একটি কারিগরি দল বিষয়টি খতিয়ে দেখছে। এ ছাড়া সৌদি আরব ও হুথিদের মধ্যকার বিরোধ মেটাতে ইরান সহায়তার প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি। তার সতর্কবার্তা, সামরিক পথে এগোলে ক্ষয়ক্ষতি আরও বাড়বে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল 

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত