ইমরান খানের তিন বোনের মুক্তির আবেদন খারিজ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোনের মুক্তি চেয়ে করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন লাহোর হাইকোর্ট। তাদের আটকাদেশ আরও ৩০ দিন বাড়ানো হয়েছে বলে পাঞ্জাব সরকার আদালতকে জানানোর পর সোমবার (২৬ অক্টোবর) এ সিদ্ধান্ত আসে।

বিচারপতি আবহার গুল খানের আদালতে পাঞ্জাবের সহকারী অ্যাডভোকেট জেনারেল জানান, লাহোরের ডেপুটি কমিশনারের সুপারিশে আলিমা খান, উজমা খান ও নুরিন নিয়াজির আটকাদেশ বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। স্বরাষ্ট্রসচিবের পক্ষ থেকে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর আটকাদেশের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানো হয়েছে।

পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশ, ১৯৬০-এর আওতায় গত সেপ্টেম্বরে ইমরানের তিন বোনকে আটক করা হয়। পিটিআই ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়েছিল। এর আগে তাদের ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়, যার মেয়াদ আলিমার ক্ষেত্রে ১৯ অক্টোবর এবং উজমা ও নুরিনের ক্ষেত্রে ২০ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল।

সোমবার (২৬ অক্টোবর) শুনানিতে তিন নারীর আইনজীবী রানা মুদাসসার উমর তাদের খুঁজে বের করে আদালতে হাজির করার নির্দেশ চান। তবে বিচারপতি বলেন, আটকাদেশ জারি করেছিলেন ডেপুটি কমিশনার, অথচ আবেদনে তাঁকে বিবাদী করা হয়নি। আবেদনের আওতার বাইরে গিয়ে আদালত কোনো নির্দেশ দিতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। পরে স্বরাষ্ট্রসচিবের প্রতিবেদন বিবেচনায় নিয়ে আবেদনটি নিষ্পত্তি করেন আদালত।

আলিমার ছেলে শাহরেজ এ আবেদন করেছিলেন। আবেদনে অভিযোগ করা হয়, প্রাথমিক ৩০ দিনের আটকাদেশের মেয়াদ শেষ হওয়ার পরও তিন বোনকে লাহোরের কোট লাখপত কারাগারে আটকে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলায় গ্রেপ্তারি প্রয়োজন নেই বলেও দাবি করেন আবেদনকারী।

আবেদনে আরও বলা হয়, নির্ধারিত সময়ের পরও আটক রাখা বেআইনি এবং সাধারণ ফৌজদারি আইনের বিকল্প হিসেবে প্রতিরোধমূলক আটকাদেশ ব্যবহার করা যায় না। তিন বোনকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং আদালতে হাজির করার নির্দেশ চাওয়া হয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে আটকাদেশের মেয়াদ বাড়ানোর তথ্য জানানোর পর আদালত আবেদনটি নিষ্পত্তি করেন। সূত্র: ডন

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত