ফের হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাবের হুঁশিয়ারি ইরানের

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম

ইরানে ইসরায়েলের উসকানিতে নতুন করে কোনো সামরিক হামলা হলে আন্তর্জাতিক বাজারে ভয়াবহ প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পারস্য উপসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সামরিক সংঘাতের কারণে জ্বালানি সরবরাহকারী দেশগুলোর পাশাপাশি ভোক্তারাও বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের উসকানিতে যেকোনো সামরিক দুঃসাহসিক পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। জ্বালানি সরবরাহকারী ও ভোক্তা, উভয় পক্ষের জন্যই বিষয়টি বড় উদ্বেগের কারণ বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনের পর নতুন সরকার গঠনের চেষ্টা করছেন। বুধবার তিনি বলেন, ইরানের কাছ থেকে তৈরি হওয়া অস্তিত্বগত হুমকি দূর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে পারবেন তিনি।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার সম্ভাবনার কথা তুলেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর মধ্যে রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) সম্মেলনে যোগ দেন আরাঘচি। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত