চার দিন সারা দেশে গ্যাসের স্বল্প চাপের আশঙ্কা

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে। এ সময় জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে।

রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এতে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। অর্থাৎ এ সময়ে প্রতিদিন সরবরাহ কমবে ৩২০ মিলিয়ন ঘনফুট।

পেট্রোবাংলা জানিয়েছে, টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে এ সরবরাহ ঘাটতি তৈরি হবে। এর প্রভাবে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্প চাপের সমস্যায় পড়তে পারেন।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলএনজি সরবরাহ কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

এমইউ
আরও পড়ুন