হামের টিকা কেনাকাটা এবং বিতরণে অব্যবস্থাপনা ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে তিন সদস্যের এই বিশেষ কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়।
হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মামনুন রহমানকে এই কমিশনের প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর ও অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
টিকা সংগ্রহে কেন দীর্ঘসূত্রিতা হলো এবং এর পেছনে কোনো অনিয়ম বা গাফিলতি ছিল কি না, তা যাচাই করবে কমিশন। পাশাপাশি, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে ভবিষ্যতে এমন সংকট রোধে সুনির্দিষ্ট পরামর্শ দেবে তারা।
তদন্ত কাজ পরিচালনার জন্য কমিশনকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে তারা যেকোনো স্থান পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তলব করতে পারবে।
প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ এই কমিটিকে সার্বিক সাচিবিক ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে।
এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হামের প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুরা এই সংক্রমণে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ নভেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০৫ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছিল।
ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেফতার দেখালো ডিবি