ইরানে ১১ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেয়া কে এই হোসেইন ইয়াজদানখাহ 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩২ এএম

ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদের এক স্বল্পপরিচিত বিচারক হোসেইন ইয়াজদানখাহ। প্রকাশ্যে তাঁর ছবি পর্যন্ত সহজে পাওয়া যায় না। অথচ ২০২৬ সালের জানুয়ারিতে দেশজুড়ে বিক্ষোভ শুরুর পর অন্তত ১১ জন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় তাঁর সম্পৃক্ততার তথ্য সামনে এনেছে অনুসন্ধানী প্রতিবেদন। আরও দুই ব্যক্তির মৃত্যুদণ্ডের বিচারিক প্যানেলেও ছিলেন তিনি, যাঁদের পরে ফাঁসি দেওয়া হয়।

ইরানের বিচারব্যবস্থায় রাজনৈতিকভাবে স্পর্শকাতর মামলাগুলোতে বিচারক ইয়াজদানখাহর ভূমিকা নিয়ে অনুসন্ধান চালিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। আদালতের নথি, মানবাধিকার আইনজীবীর চিঠিপত্র, মানবাধিকার সংগঠনের প্রতিবেদন, রাজনৈতিক বন্দিদের পরিবারের বক্তব্য এবং আইন বিশেষজ্ঞদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি এই অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে কঠোর সাজা, আইনজীবীদের বিচার এবং সমালোচকদের সম্পত্তি বাজেয়াপ্তের অভিযোগ উঠে এসেছে।

ইয়াজদানখাহ মাশহাদের বিপ্লবী আদালতের ৫ নম্বর শাখার প্রধান। পাশাপাশি মাশহাদ ও কাছের সাবজেভারের রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলাগুলোতেও সহযোগী বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

তবে এত গুরুত্বপূর্ণ বিচারিক দায়িত্বে থাকার পরও তাঁর ব্যক্তিগত পরিচয় ও জনসমক্ষে উপস্থিতি অত্যন্ত সীমিত। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, এমনকি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমেও তাঁর কোনো প্রকাশ্য ছবি খুঁজে পাওয়া যায়নি।

মানবাধিকার আইনজীবী মারজিয়ে মোহেব্বি অভিযোগ করেছেন, ইয়াজদানখাহ এমন সব রায় দিতে প্রস্তুত থাকেন, যা অন্য বিচারকেরা সহজে দিতে চাইবেন না। তাঁর ভাষায়, খোরাসান অঞ্চলে মৃত্যুদণ্ড, দীর্ঘ কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত ও সংগঠিত দমন-পীড়নের ঘটনা ঘটলে সেখানে এই বিচারকের উপস্থিতি দেখা যায়।

ইরান ইন্টারন্যাশনালের অনুসন্ধান অনুযায়ী, জানুয়ারির বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে ছয়জনের মৃত্যুদণ্ডের ঘটনা ঘটে মাশহাদের কাছে শানদিজ এলাকার বিক্ষোভসংক্রান্ত একটি যৌথ মামলায়।

তাঁরা হলেন—মেহদি জারিফ, হোসেইন রাসুলি-নাসাব, হাসান গোলশেনেজাদ, মাতিন শাবানি, আলী জাঘি ও ইলিয়া আকবারি।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এই মামলায় ইয়াজদানখাহকে প্রধান বিচারক এবং সেয়েদ রেজা জাভাদ মুসাভিকে সহযোগী বিচারক হিসেবে শনাক্ত করেছে।

মামলাটি ২০২৬ সালের ৮ ও ৯ জানুয়ারির বিক্ষোভকে কেন্দ্র করে। কর্তৃপক্ষের অভিযোগ ছিল, আসামিরা সরকারি সম্পত্তির ক্ষতি করেছেন এবং ধর্মীয় স্থাপনায় অগ্নিসংযোগ করেছেন। তাঁদের বিরুদ্ধে ‘মোহারেবেহ’ বা ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতা’ এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সমাবেশ ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। গোলশেনেজাদের বিরুদ্ধে ইসরায়েলের স্বার্থে কার্যক্রম পরিচালনার অভিযোগও করা হয়েছিল।

ইরান ইন্টারন্যাশনালকে দেওয়া এক সূত্রের বক্তব্য অনুযায়ী, মেহদি জারিফের মৃত্যুদণ্ডের রায় দেন ইয়াজদানখাহ এবং পরে সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখে। তবে জারিফের আইনজীবীকে পূর্ণাঙ্গ রায় ও প্রমাণপত্র দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এইচআরএএনএর পৃথক প্রতিবেদনে জারিফ ও রাসুলি-নাসাবের মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্টে বহাল থাকার কথা বলা হয়েছে। অন্য চারজন প্রাথমিকভাবে মৃত্যুদণ্ড পেয়েছেন।

ইয়াজদানখাহর আদালতের বিরুদ্ধে আরও পাঁচজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ রয়েছে।

তাঁদের মধ্যে ভাহিদ খেদরিখাহ, মাতিন ফারনিয়ান ও আবোলফজল সেদাকাত একটি যৌথ মামলায় মৃত্যুদণ্ড পান। এইচআরএএনএ প্রথমে তিনটি মৃত্যুদণ্ডের খবর দিলেও পরে দুজনের নাম প্রকাশ করে। তৃতীয় ব্যক্তির পরিচয় ইরান ইন্টারন্যাশনালকে জানান মামলাসংশ্লিষ্ট সূত্র। আইনজীবী মোহেব্বিও সেদাকাতের মৃত্যুদণ্ডের তথ্য নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ১৯ ও ২০ জানুয়ারি তাঁদের গ্রেপ্তার করা হয় এবং ‘মোহারেবেহ’ অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেদাকাতকে নিজের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া পৃথক দুটি মামলায় পুরিয়া হোসেইনি-মোফরাদ ও আমির দেলশাদ মৃত্যুদণ্ড পান। এসব মামলাতেও ইয়াজদানখাহ প্রধান বিচারক এবং মুসাভি সহযোগী বিচারক ছিলেন বলে এইচআরএএনএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইয়াজদানখাহ শুধু মৃত্যুদণ্ডের রায় দেওয়া মামলাতেই প্রধান বিচারক ছিলেন না; আরও দুটি মৃত্যুদণ্ডের মামলায় সহযোগী বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।

আইনজীবী মারজিয়ে মোহেব্বির বক্তব্য অনুযায়ী, মেহদি রাসুলি ও মোহাম্মদরেজা মিরির মামলায় ইয়াজদানখাহ সহযোগী বিচারক ছিলেন। মাশহাদের বিপ্লবী আদালতের ১ নম্বর শাখার প্রধান বিচারক গোলামরেজা আকবারি-মোগাদ্দামের নেতৃত্বে ওই মামলাগুলোর রায় দেওয়া হয়।

২০২৬ সালের ৩ মে মাশহাদের ভাকিলাবাদ কারাগারে তাঁদের ফাঁসি কার্যকর করা হয়। কর্তৃপক্ষের অভিযোগ ছিল, জানুয়ারির বিক্ষোভে বাসিজ আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার ঘটনায় তাঁরা জড়িত ছিলেন।

তবে রাসুলি অভিযোগ অস্বীকার করেছিলেন। এইচআরএএনএর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ঘনিষ্ঠজনদের জানিয়েছিলেন, মারধর ও নির্যাতনের মাধ্যমে তাঁকে অভিযোগ স্বীকারে বাধ্য করা হয়েছিল।

ইয়াজদানখাহর বিচারিক কার্যক্রম নিয়ে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো—সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকে বিদেশি শক্তির হয়ে কাজ করার প্রমাণ হিসেবে বিবেচনা করা।

আইনজীবী মোহেব্বির অভিযোগ, ২০২৫ সালে গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করতে প্রণীত আইন ব্যবহার করে বিচারক এমন যুক্তি তুলে ধরেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জনঅসন্তোষকে কাজে লাগিয়েছে। নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির বিক্ষোভের আহ্বানও বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর স্বার্থে ব্যবহৃত হয়েছে বলে ওই যুক্তিতে দাবি করা হয়।

মোহেব্বির ভাষ্য অনুযায়ী, এরপর ওই আহ্বানে সাড়া দেওয়া ব্যক্তিদের বিদেশি শক্তির গুপ্তচর হিসেবে বিবেচনা করা হয়, যদিও সংশ্লিষ্ট বিদেশি সরকারের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগের প্রমাণ নাও থাকতে পারে।

তিনি অভিযোগ করেন, রাস্তার গাছ, ট্রাফিক ক্যামেরা কিংবা ধর্মীয় স্থাপনার ক্ষতি করার মতো কর্মকাণ্ডকেও কোনো কোনো ক্ষেত্রে গুপ্তচরবৃত্তির প্রমাণ হিসেবে দেখানো হয়েছে।

মোহেব্বির মতে, বিভিন্ন মামলার রায়ে একই ধরনের যুক্তি ও ভাষার পুনরাবৃত্তি থেকে মনে হয়, আসামিদের ব্যক্তিগত ভূমিকা ও প্রমাণ আলাদাভাবে যাচাই না করেই পূর্বনির্ধারিত দৃষ্টিভঙ্গিতে বিচার করা হচ্ছে।

ইয়াজদানখাহর বিচারিক রেকর্ডে আলোচিত রাজনৈতিক বন্দি ফাতেমে সেপেহরি ও তাঁর দুই ভাইয়ের মামলাও রয়েছে।

২০২৪ সালের জুনে ফাতেমে সেপেহরি, তাঁর ভাই মোহাম্মদ-হোসেইন ও হোসেইনকে মোট ৩২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ইসলামি প্রজাতন্ত্রের কড়া সমালোচক হিসেবে পরিচিত ফাতেমে সেপেহরি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, খামেনিকে অপমান এবং ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রচারণার অভিযোগ আনা হয়। তাঁর সাজায় অতিরিক্ত ১৮ বছর ছয় মাসের কারাদণ্ডের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

তাঁর ভাই মোহাম্মদ-হোসেইনকে আট বছর এবং হোসেইনকে পাঁচ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের পরিবারের দাবি, অভিযোগগুলোর একটি অংশ ছিল ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে।

ইয়াজদানখাহর বিরুদ্ধে অভিযোগ তোলা আইনজীবী খসরো আলিকোরদিও পরে তাঁর আদালতে বিচারের মুখোমুখি হন।

২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি আলিকোরদি প্রকাশ্যে জানান, ইয়াজদানখাহ ও মাশহাদের আরেক বিপ্লবী আদালতের বিচারক হাদি মানসুরির বিরুদ্ধে তিনি বিচার বিভাগীয় শৃঙ্খলা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ ছিল, বিচারকেরা আসামিদের পছন্দের আইনজীবীদের আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ বাধাগ্রস্ত করেন।

অভিযোগটির চূড়ান্ত পরিণতি প্রকাশ্যে জানা যায়নি। তবে ২০২৪ সালের অক্টোবরে ইয়াজদানখাহর আদালত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের কারণে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রচারণার অভিযোগে আলিকোরদিকে আরও এক বছরের কারাদণ্ড দেয়।

২০২৫ সালের ৬ ডিসেম্বর মাশহাদে নিজের কার্যালয়ে মৃত অবস্থায় পাওয়া যায় এই আইনজীবীকে।

ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, তাঁর স্বজনেরা শরীরে আঘাতের চিহ্ন, মাথায় ক্ষত এবং নাক-মুখ দিয়ে রক্ত পড়ার আলামত দেখেছিলেন। পুলিশ কার্যালয়ের সিসিটিভি ফুটেজ জব্দ করলেও পরিবারকে তা দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

ইরানি কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর কারণ হৃদ্‌রোগ বলে উল্লেখ করে এবং হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে। তবে তাঁর ভাই জাভাদ আলিকোরদি সরকারি বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন এবং সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান। মানবাধিকার সংগঠনটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। ফলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো বিতর্কিত।

২০২৫ সালের এপ্রিলে ইয়াজদানখাহর আদালত ১২ জন আইনজীবীকে সম্মিলিতভাবে তিন বছরের কারাদণ্ড এবং ২৪০ কোটি রিয়াল জরিমানা করে বলে এইচআরএএনএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রচারণার অভিযোগ আনা হয়েছিল। কারাদণ্ডের ২১ মাস পাঁচ বছরের জন্য স্থগিত রাখা হয়।

মাশহাদের গোয়েন্দা বিভাগের অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়েছিল। আইনজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বিচারিক কার্যক্রমের সমালোচনা এবং ২০২৪ সালের জানুয়ারিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিক্ষোভকারী মোহাম্মদ ঘোবাদলুর বিচার নিয়ে মন্তব্য ছিল।

ইয়াজদানখাহর বিরুদ্ধে আগের কয়েকটি আলোচিত মামলার মধ্যে রয়েছে ইরানি বক্সার মোহাম্মদ জাভাদ ভাফায়ি সানির মৃত্যুদণ্ডের ঘটনা। ২০১৯ সালের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ২০২০ সালের মার্চে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইরান হিউম্যান রাইটস মনিটরের তথ্য অনুযায়ী, ভাফায়ি সানির বিরুদ্ধে দুটি মৃত্যুদণ্ডের রায়ে ইয়াজদানখাহ ও আরেক বিচারক সাদি মাকানের সম্পৃক্ততা ছিল। ওই বক্সারকে ‘পৃথিবীতে দুর্নীতি ছড়ানো’র অভিযোগে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে তৃতীয়বারের মতো মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে দুটি রায় বাতিল হয়েছিল। পরে ২০২৫ সালের অক্টোবরে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখে এবং ডিসেম্বরে পুনর্বিচারের আবেদন প্রত্যাখ্যান করে। পরবর্তী সময়ে তাঁর আইনজীবী মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশের কথা জানান। তবে সাজা বহাল ছিল।

এ ছাড়া সম্পত্তি বাজেয়াপ্তের মামলাতেও ইয়াজদানখাহর ভূমিকার অভিযোগ রয়েছে। আইনজীবী মোহেব্বি দাবি করেছেন, তাঁর চারটি সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিলেন এই বিচারক। ইরানি লেখক সোরুশ মোজাফফর-মোগাদ্দামের একটি অ্যাপার্টমেন্টও ২০২৩ সালের সেপ্টেম্বরে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মোহেব্বির অভিযোগ, এসব মামলায় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনকে যথাযথভাবে যাচাই না করেই রায়ের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে।

রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলায় ইয়াজদানখাহর ভূমিকা নিয়ে এত অভিযোগ থাকলেও যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়, যুক্তরাজ্য কিংবা ইউরোপীয় ইউনিয়নের প্রকাশিত নিষেধাজ্ঞার তালিকায় তাঁর নাম পাওয়া যায়নি বলে ইরান ইন্টারন্যাশনালের অনুসন্ধানে বলা হয়েছে।

এর আগে রাজনৈতিক মামলায় অন্য ইরানি বিচারকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল পশ্চিমা দেশগুলো। ২০১৯ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র বিচারক আবুলকাসেম সালাভাতি ও মোহাম্মদ মোগিসেহর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন মাশহাদের আরেক বিচারক হাদি মানসুরির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করে।

তবে ইয়াজদানখাহর বিরুদ্ধে একই ধরনের কোনো ব্যক্তিগত নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়নি।

ইয়াজদানখাহর বিরুদ্ধে অভিযোগগুলোর কেন্দ্রে রয়েছে রাজনৈতিক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড, আইনজীবীদের বিচার, সম্পত্তি বাজেয়াপ্ত এবং গোয়েন্দা সংস্থার তথ্যের ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়।

আইনজীবী মোহেব্বির দাবি, এসব মামলার রায়ে একই ধরনের যুক্তি ব্যবহার এবং আসামিদের আপত্তি সত্ত্বেও গোয়েন্দা প্রতিবেদন যাচাই না করার প্রবণতা থেকে বিচারক ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ইঙ্গিত পাওয়া যায়।

তবে এসব অভিযোগের সবকটির স্বাধীন বিচারিক যাচাই বা ইয়াজদানখাহর বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিচারকের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

তবু ইরান ইন্টারন্যাশনালের অনুসন্ধান দেশটির রাজনৈতিক বিচারব্যবস্থা, মৃত্যুদণ্ডের ব্যবহার এবং আসামিদের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে বিক্ষোভে অংশগ্রহণ, বিদেশি শক্তির সঙ্গে সম্পর্ক এবং গুপ্তচরবৃত্তির অভিযোগের মধ্যে সীমারেখা কীভাবে নির্ধারণ করা হচ্ছে—তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে এই অনুসন্ধান।

এমএজেড
আরও পড়ুন